মালয়েশিয়ায় যখন প্রথম গিয়েছিলাম, তখন মালয়েশিয়ানরা আমাদের বাংলাদেশিদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতেন। ভালোবাসা ও আদর-যত্ন করে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াতেন। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন অনেক ক্ষেত্রে দেখছি তার উল্টো চিত্র—বাংলাদেশিদের প্রতি মালয়েশিয়ানদের দৃষ্টিভঙ্গি আগের মতো ইতিবাচক নেই।
বেঁচে থাকা জীবনের বেশির ভাগ সময় পার করেছি মালয়েশিয়ায়, তাই এই পরিবর্তন আমাকে গভীরভাবে ভাবিয়েছে।
যখন দেখলাম, আমার মাধ্যমে মালয়েশিয়ায় আসা কিছু কর্মী পরবর্তী সময়ে নিজেরাই বড় বড় এজেন্ট হয়ে উঠেছেন, তখনই আমি মালয়েশিয়ায় কর্মী আনার কাজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যে কর্মীকে মালয়েশিয়ায় নিয়োগ দেওয়ার জন্য নিয়োগকর্তা আমাকে সার্ভিস চার্জ দিয়েছিলেন, সেই কর্মীই পরবর্তী সময়ে নিয়োগকর্তাকে মোটা অঙ্কের লোভ দেখিয়ে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছেন, যা নিয়োগকর্তা ও কর্মীর মধ্যকার আস্থার সম্পর্ক নষ্ট করেছে।
আমার উপলব্ধি, ব্যক্তিগত স্বার্থ, অসততা ও দায়িত্বহীনতার কারণে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির বাজারে বাংলাদেশের সুনাম ও সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমি সব কর্মী বা সব এজেন্টকে একভাবে বিচার করছি না। তবে মনে রাখতে হবে, বিদেশের মাটিতে একজন বাংলাদেশির আচরণ শুধু তাঁর নিজের পরিচয় বহন করে না; এর সঙ্গে জড়িয়ে থাকে বাংলাদেশের সম্মান, দেশের ভাবমূর্তি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা।
আমরা যেন সাময়িক ব্যক্তিগত লাভের জন্য দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ ও দেশের সুনাম নষ্ট না করি।
এস এম রহমান পারভেজ
প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়া
এস এম রহমান পারভেজ 
























