পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বসবাসরত বাংলাদেশিদের জন্য তিন দিনব্যাপী বিশেষ ই-পাসপোর্ট ও কনস্যুলার সেবা দিয়েছে মরক্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। রাজধানী আক্রায় শনিবার থেকে সোমবার পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ কমিউনিটি ঘানার সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগে নতুন ই-পাসপোর্ট নিবন্ধন, পুরোনো পাসপোর্ট সংশোধনসহ বিভিন্ন কনস্যুলার সেবা পান প্রবাসীরা।
আরও পড়ুন: মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ
এ কার্যক্রম পরিচালনা করেন মরক্কোয় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান রাজীব ত্রিপুরা এবং ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ।
এর আগে পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা নিতে ঘানাপ্রবাসীদের মরক্কোর রাজধানী রাবাতে যেতে হতো। এতে যাতায়াত খরচের পাশাপাশি কর্মস্থল থেকে দীর্ঘ ছুটি নেওয়ার প্রয়োজন পড়ত। এবার নিজ দেশেই দূতাবাসের সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা।
সেবাগ্রহীতা সাইফুল ইসলাম কাজল জানান, মাত্র ৩০ মিনিটের মধ্যে তার ই-পাসপোর্ট নিবন্ধন ও পুরোনো পাসপোর্ট সংশোধনের কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে বিপ্রেশ ভূষণ তালুকদার বলেন, তার দুই মেয়ের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই ঘানায় বসে সেবা পাওয়ায় পরিবারের ভোগান্তি কমেছে।
এদিকে প্রবাসীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় কনস্যুলার সেবা নিয়মিত চালু রাখার দাবি ওঠে। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অনিয়মিত অভিবাসীদের আইনসম্মত কর্মসংস্থানের বিষয়েও আলোচনা হয়।
ঘানা বাংলাদেশ কমিউনিটির সভাপতি মো. আওরঙ্গজেব জানান, আর্থিক সংকট ও ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশি দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না। এ অবস্থায় ট্রাভেল পাসপ্রত্যাশীদের পরিচয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা চালুর অনুরোধ জানান তিনি।
জবাবে রাজীব ত্রিপুরা জানান, ভবিষ্যতে অন্তত বছরে একবার ঘানা সফর করে প্রবাসীদের কনস্যুলার সেবা দেওয়ার বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করবেন।
প্রবাসীর কথা ডেস্ক 


















