ইরান আকস্মিকভাবে ইসরায়েলের হামলা চালাতে পারে এমন শঙ্কায় উচ্চসতর্কতায় রয়েছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আজ শনিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে ইসরায়েলি বার্তাসংস্থা ওয়াল্লা নিউজ।
ওয়াল্লা বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উচ্চসতর্কতা বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকমের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছে।
আরও পড়ুন: কায়রোতে ব্যস্ত মহাসড়কে অগ্নিকাণ্ড : নিহত ৩১
বার্তাসংস্থাটি তাদের প্রতিবেদনে আরও বলেছে, সাম্প্রতিক মাসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অপারেন্সের প্রধান মেজর জেনারেল ইতজিক কোহেন সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং তার স্টাফদের সঙ্গে তিনবার বৈঠক করেছেন। এসব বৈঠকের লক্ষ্য ছিল সেন্টকমের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যে পূর্ণ সমন্বয়, সামরিক মুভমেন্ট, অপারেশন্স এবং উদীয়মান বিষয়গুলো সমাধান নিশ্চিত করা।
এছাড়া সেন্টকমের কমান্ডারের সর্বশেষ তেলআবিব সফরের সময় তারা একটি ভূগর্ভস্থ মিলিটারি কমান্ড সেন্টারেও বসেছিলেন।
ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, সামরিক বাহিনী উচ্চসতর্কতা বজায় রাখছে, বিশেষ করে বিমানবাহিনীর প্রস্তুতি ঠিক রাখা হচ্ছে যেন কোনো ধরনের হামলা হলে অল্প সময়ের মধ্যে জবাব দেওয়া যায়।
এক প্রতিরক্ষা কর্মকর্তা ওয়াল্লাকে বলেছেন, “ইরান ইসরায়েলকে চমকে দিতে চাইবে, এটি একটি বিশ্বাসযোগ্য বিষয়। এক্ষেত্রে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীকে অবশ্যই আক্রমণাত্মক ও রক্ষণাত্মক দিক দিয়ে প্রস্তুত থাকতে হবে।”
ইরান যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর আকস্মিক হামলা চালাতে পারে এমন বিষয় মাথায় রেখেও প্রস্তুতি রাখছে ইসরায়েল। যেন তারা সঙ্গে সঙ্গে পাল্টা ব্যবস্থা নিতে পারে।
প্রবাসীর কথা ডেস্ক 




















