ঐক্য সরকার গঠন নিয়ে কথা বলতে আজ রোববার আলোচনায় বসতে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী জোটের প্রধান নেতা গাদি আইজেনকোট।
যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ঐক্য সরকার গঠনের আহ্বান জানানোর পর আইজেনকোট তার সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন।
আরও পড়ুন: ক্ষে’পণাস্ত্রের বিশাল ভাণ্ডার প্রকাশ্যে এনে বিশ্বকে নতুন বার্তা ইরানের
নেতানিয়াহুর দল লিকুদ পার্টি গতকাল শনিবার রাতে এ নিয়ে এক বিবৃতিতে বলেছে, “প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট কথা বলেছেন এবং তারা কাল (আজ) ইসরায়েলের উপকূলীয় শহর হার্জলিয়াতে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।”
এ বিবৃতির পর সামাজিকমাধ্যমে নেতানিয়াহু একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেছেন, আইজেনকোটের সঙ্গে তিনি ঐক্য সরকার গঠনে রাজি আছেন। যে সরকারে প্রথমে আইজেনকোট অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী হবেন। তবে যদি বিশেষ নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয় তাহলে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।
ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আইজেনকোট নেতানিয়াহুর এমন প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে চান।
আইজেনকোট নিজে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নিয়ে বলেছেন, “যদি লিকুদ সত্যিকার অর্থে ঐক্য চায়, আমি আগামী ২৪ ঘণ্টায় দেখতে চাই তারা বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে।”
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নির্বাচন হয়। এতে নেতানিয়াহুর জোট সরকার গঠনের জন্য ১২০টি আসনের মধ্যে ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে। তারা পায় ৫৩টি আসন।
অপরদিকে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটও এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। তবে আরব দলগুলোর সঙ্গে জোট করলে তিনি প্রেসিডেন্টের থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পরপরই সরকার গঠন করতে পারতেন। তার জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। কিন্তু আরবদের বলে ইহুদি দলগুলোকে নিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন তিনি।
প্রবাসীর কথা ডেস্ক 





















