ইসরায়েলে নতুন ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর এই সরকারে প্রথম দফায় প্রধানমন্ত্রী হবেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। দ্বিতীয় দফায় দায়িত্ব নেবেন নেতানিয়াহু নিজে।
স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) রাতে সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, “একজন নেতা হিসেবে সবকিছু পাশে রাখতে আমি বাধ্য, যারমধ্যে সর্ববৃহৎ দলের নীতির বিষয়টিও আছে।” নেতানিয়াহ জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনি শুধুমাত্র বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ফ্রান্সে করোনায় মারা গেলেন জকিগঞ্জের কবির চৌধুরী
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নির্বাচন হয়। এতে নেতানিয়াহুর জোট সরকার গঠনের জন্য ১২০টি আসনের মধ্যে ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে। তারা পায় ৫৩টি আসন।
অপরদিকে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটও এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। তবে আরব দলগুলোর সঙ্গে জোট করলে তিনি প্রেসিডেন্টের থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পরপরই সরকার গঠন করতে পারতেন। তার জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।
ইসরায়েলি বার্তাসংস্থা ইয়েনেত জানিয়েছে, নেতানিয়াহু আইজেনকোটকে শর্ত দিয়েছেন, প্রথম দফায় দায়িত্ব নেওয়ার পর তিনি চাইলে অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন। তবে ভবিষ্যতে ইরান নিয়ে কোনো নিরাপত্তা পরিস্থিতি হলে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করতে হবে। তবে আইজেনকোট এই শর্ত সাথে সাথে প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।
গাদি আইজেনকোটের জোটে যেসব দল আছে তাদের বেশিরভাগ নেতানিয়াহুকে ক্ষমতা থেকে পুরোপুরি সরানোর জন্য অবস্থান নিয়েছেন। অপরদিকে আরব দলগুলো এতে সম্পূর্ণভাবে সমর্থন দেওয়ার অঙ্গিকার করেছে। ফলে নেতানিয়াহুর এ প্রস্তাব কাজে দেবে কি না তা স্পষ্ট নয়।
গাদি আইজেনকোটের কাছে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সরকার গঠনের সময় আছে। এরপর তিনি চাইলে তাকে প্রেসিডেন্ট এ সময় আরও ১৫ দিন বাড়িয়ে দিতে পারবেন। এরপরও তিনি সরকার গঠন করতে না পারলে এই সুযোগ যাবে নেতানিয়াহুর কাছে। তবে আইজেনকোট গতকাল জানান তিনি আগামী ৮ দিনের মধ্যেই সরকার গঠন করবেন।
প্রবাসীর কথা ডেস্ক 





















