ইরানের আকাশসীমার কাছে সতর্কতামূলক গুলির মুখে পড়ে গতিপথ পরিবর্তন করে পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান।
সম্প্রতি মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স পরিচালিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মুখে পড়ে বিমানটি ফিরে যেতে বাধ্য হয় বলে দাবি করেছে আইআরজিসি।
আরও পড়ুন: পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন
শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজকে পাহারা ও আকাশ থেকে নিরাপত্তা দেয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসে। হাঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্বে ইরানের আকাশসীমার কাছাকাছি পৌঁছালে বিমানটিকে লক্ষ্য করে আইআরজিসির আধুনিক ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়।
এরপর দ্রুত কৌশলগতভাবে দিক পরিবর্তন করে বিমানটি ইরানের আকাশসীমা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে নিয়ম লঙ্ঘনকারীদের পাশাপাশি তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকেও আরও গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে আইআরজিসি।
যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের সতর্ক করে বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’। মার্কিন যুদ্ধবিমান আবারও এমন অনুপ্রবেশ করলে বা ইরানের আকাশসীমা লঙ্ঘন অব্যাহত রাখলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কঠোর জবাব দেবে।
এ ধরনের জবাবের পরিণতি আগে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
প্রবাসীর কথা ডেস্ক 






















