বিদেশের মাটিতে নিজেদের কর্মদক্ষতা ও যোগ্যতার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, প্রবাসীরা যে দেশেই বসবাস করুন না কেন, নিজেদের ঈমান ও ইসলামী মূল্যবোধ অক্ষুণ্ন রাখার পাশাপাশি ওই দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ থেকে বাংলাদেশের অগ্রগতি ও রাষ্ট্র সংস্কারেও অবদান রাখতে হবে।
আরও পড়ুন: মোহামেডান-আবাহনী দুই দলের হয়েই খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের ভূমিকা কেবল ব্যক্তিগত কর্মজীবনে সাফল্য অর্জন কিংবা আর্থিক উন্নতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বিদেশে কাজ করতে গিয়ে তারা যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করছেন, তা দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি আরও বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ধরে রাখতে হবে। নিজেদের সততা, পেশাগত দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে বিদেশে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি তুলে ধরতে হবে। যে দেশে বসবাস করছেন, সেই দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের অগ্রগতির বিষয়েও সচেতন থাকতে হবে।
প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা ও সক্ষমতাকে জাতীয় উন্নয়নের সম্পদ হিসেবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে জামায়াতের আমির বলেন, দেশের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে প্রবাসীদের আরও কার্যকর ও পরিকল্পিতভাবে সম্পৃক্ত হওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রবাসীর কথা ডেস্ক 



















