ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি পরিত্যক্ত ট্রেনের কামরা থেকে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলেছে স্বর্ণের একটি আংটি। সাপের নকশা করা আংটির গায়ে থাকা হলমার্কের সূত্র ধরে ওই নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নাগেরকয়েল রেলইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি অব্যবহৃত ট্রেনের কামরা থেকে গত ১৩ নভেম্বর মধ্যরাতে ওই নারীর মরদেহ পাওয়া যায়। কামরাটি পরিষ্কারের সময় কর্মীরা মরদেহটি দেখতে পান। প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: মিশরে অবৈধভাবে কাজের অভিযোগে ১৫ বাংলাদেশি আটক
নিহতের পরিচয় শনাক্ত করার মতো কোনো কাগজপত্র বা উল্লেখযোগ্য জিনিসপত্র পাওয়া যায়নি। তবে তার হাতে থাকা সাপের নকশার স্বর্ণের আংটিটি পুলিশের নজরে আসে। আংটির হলমার্ক পরীক্ষা করে এর উৎপত্তি গুজরাটে বলে জানতে পারেন তদন্তকারীরা। পরে খোঁজ নিয়ে জানা যায়, আংটিটি ছত্তিশগড়ের রায়পুরের একটি গয়নার দোকানে সরবরাহ করা হয়েছিল।
দোকানের বিক্রয়সংক্রান্ত তথ্য থেকে ওই নারীর পরিচয় ও মধ্যপ্রদেশের ঠিকানা সংগ্রহ করে পুলিশ। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ৫৪ বছর বয়সী ওই নারী প্রায় তিন মাস ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
এদিকে হত্যাকাণ্ডের তদন্তে রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটেজে সাদা পোশাক পরা এক ব্যক্তিকে ওই কামরা থেকে বের হতে দেখা যায়। শুরুতে তিনজনকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্তকারীদের ভাষ্য, ওই ব্যক্তি আগে থেকেই স্টেশনে ঘোরাফেরা করতেন এবং ভুক্তভোগীর সঙ্গে তার পরিচয় ছিল। ঘটনার রাতে তাকে জোর করে কামরায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে রেললাইনের পাশের একটি নালা থেকে রক্তমাখা শার্টও উদ্ধার করেছে পুলিশ।
রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, তদন্ত শুরু করার ছয় ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক পরীক্ষায় নিহতের পাঁজরের হাড় ভাঙার আলামত পাওয়া গেছে।
প্রবাসীর কথা ডেস্ক 

























