অভিবাসন সংক্রান্ত কঠোর নিয়মনীতির কারণে ব্রিটেনে নিট অভিবাসনের হার ২০২৩ সালের সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় ৯০ শতাংশ কমেছে। তবে এই বড় ধরনের পতন দেশটির শ্রমশক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।
বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে শেষ হওয়া ২০২৫-’২৬ অর্থবছরে নিট অভিবাসনের সংখ্যা ছিল ৭৭ হাজার, যেখানে পূর্ববর্তী ২০২৪-২৫ অর্থবছে এই সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার। মহামারি-পরবর্তী সময় বাদে ১৯৯৭ সালের পর এটিই সর্বনিম্ন। মূলত কর্মী, শিক্ষার্থী এবং আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে কঠোর অভিবাসন নীতি গ্রহণের ফলেই এই সংখ্যা কমেছে।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ শ্রমিকের
কোভিড-১৯ মহামারি বাদে গত প্রায় তিন দশকের মধ্যে ব্রিটেনে বার্ষিক নিট অভিবাসনের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই হ্রাস দীর্ঘদিনের একটি রাজনৈতিক লক্ষ্য পূরণের ইঙ্গিত দিলেও, তা দেশটির অর্থনৈতিক সম্ভাবনার ওপর প্রভাব ফেলতে পারে।
২০১০ সালে তৎকালীন কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিট অভিবাসনের সংখ্যা ‘কয়েক হাজারে’ নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন; তবে তার সরকার সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে নিট অভিবাসনের সংখ্যা প্রায় ১০ লাখে (এক মিলিয়ন) পৌঁছেছিল, যা এখন প্রায় ৯০ শতাংশ কমেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, সরকার অভিবাসন ব্যবস্থার ওপর পুনরায় নিয়ন্ত্রণ আনতে সক্ষম হযেছে। তবে তিনি আরও উল্লেখ করেন যে, অভিবাসন ব্যবস্থাকে আরও ন্যায়সংগত করার জন্য আরও সংস্কার প্রয়োজন।
শাবানা মাহমুদ বলেন, “আমরা এখানেই থেমে থাকব না। আমাদের সংস্কারগুলো অভিবাসন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনছে এবং এমন একটি ন্যায়সংগত ব্যবস্থা গড়ে তুলছে, যা অবদানকে মূল্যায়ন করে।”
ব্রিটেনে অভিবাসন এখনো একটি প্রধান রাজনৈতিক ইস্যু
আইনি ও অবৈধ—উভয় ধরনের অভিবাসনই গত এক দশকেরও বেশি সময় ধরে ব্রিটেনের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে অবাধ চলাচলের বিষয়টি এমন একটি কারণ ছিল, যা ২০১৬ সালের গণভোটে ‘ব্রেক্সিট’-এর পক্ষে জনসমর্থন তৈরিতে ভূমিকা রেখেছিল।
ভোটারদের কাছে এই বিষয়টি এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে প্রকাশিত ইউগভেরএর একটি জরিপ অনুযায়ী, অর্থনীতির পরেই অভিবাসনকে ভোটাররা দ্বিতীয় প্রধান উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করেছেন।
যুক্তরাজ্যের অভিবাসী-বিরোধী দল রিফর্ম ইউকে অবশ্য এতে উচ্ছ্বাস প্রকাশ করেনি। এক বিবৃতিতে দলটি বলেছে, ‘সর্বশেষ এই পরিসংখ্যান “উদযাপনের মতো কোনো বিষয় নয়।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, কনজারভেটিভ ও লেবার—উভয় দলের শাসনামলেই দীর্ঘ সময় ধরে উচ্চ মাত্রার অভিবাসন জনসেবা ও আবাসন ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে।
প্রবাসীর কথা ডেস্ক 
























