ভারতের একটি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে আলোচনায় এসেছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন। স্ত্রী রাধিকা জৈনকে সঙ্গে নিয়ে তিনি এই বিপুল পরিমাণ স্বর্ণালংকার দান করেন। তিরুমালা তিরুপতি দেবস্থানমসের (টিটিডি) ইতিহাসে এটিকে অন্যতম বৃহৎ দান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের হাতে এসব স্বর্ণালংকার তুলে দেন বর্ধমান ও রাধিকা জৈন দম্পতি।
আরও পড়ুন: শক্তিশালী ইরান গড়তে জনসংখ্যা বৃদ্ধি জরুরি: মোজতবা খামেনি
দান করা স্বর্ণালংকারের তালিকায় রয়েছে বিশেষভাবে তৈরি ৪৬টি অলংকার। এর মধ্যে মুকুট, হার, বাহুর অলংকার, কোমরের গহনা ও বিভিন্ন ঐতিহ্যবাহী গয়না রয়েছে। কয়েকটি অলংকারে বসানো হয়েছে মূল্যবান হীরাও।
১২১ কেজি স্বর্ণালংকার দান করে আলোচনায় এলেও বর্ধমান জৈনের পরিচিতি মূলত একজন সফল উদ্যোক্তা হিসেবে। স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে আন্তর্জাতিক পর্যায়ে তার ব্যবসায়িক অবস্থান রয়েছে। ব্যবসার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি।
বর্ধমান জৈন বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাকসেস হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। এ ছাড়া এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করেন বর্ধমান জৈন। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর পড়াশোনা করেন।
১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে যৌথভাবে ভিশন হেলথসোর্স প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা খাতের বিল তৈরি এবং বিমা দাবির ব্যবস্থাপনা নিয়ে কাজ করত। ২০০৩ সালে পেরট সিস্টেমস প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।
এরপর ২০০৯ সালে ডেল পেরট সিস্টেমসকে অধিগ্রহণ করলে বর্ধমান জৈন ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান। এ সময় ১০০টির বেশি গ্রাহক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তদারকি করেন তিনি। তার অধীনে কর্মরত ছিলেন প্রায় ৯ হাজার কর্মী।
পরবর্তী সময়ে নিজের উদ্যোগে অ্যাকসেস হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন বর্ধমান। ধীরে ধীরে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও আউটসোর্সিং ব্যবসায় পরিণত করেন। স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং ব্যবহার করছে।
২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান নিউ মাউন্টেন ক্যাপিটাল অ্যাকসেস হেলথকেয়ারে কৌশলগত বিনিয়োগের ঘোষণা দেয়। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির অধিকাংশ মালিকানা নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুরো লেনদেনের মূল্য ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলারের মধ্যে।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বর্ধমান জৈনের। তিনি শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি। প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তার, ক্ষুধার্ত মানুষের খাদ্য সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে।
এ ছাড়া সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ‘আবিষ্কার’ নামে একটি উদ্যোগ গড়ে তুলেছেন তিনি। চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের সঙ্গেও যুক্ত রয়েছেন। শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়নেও অবদান রাখছেন তিনি।
তিরুমালা মন্দিরের সঙ্গে বর্ধমান জৈনের সম্পর্ক বেশ পুরোনো। সর্বশেষ ১২১ কেজি স্বর্ণালংকার দানের আগেও মন্দির ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রমে অর্থ ও প্রয়োজনীয় উপকরণ দিয়েছেন তিনি।
এর আগে শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের জন্য ৭ কোটি রুপি, টিটিডির গোশালায় গবাদিপশুর খাদ্য তৈরির মিশ্রণকেন্দ্র স্থাপনে ৫ কোটি রুপি এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্র কেনার জন্য ১ কোটি রুপি অনুদান দেন। এ ছাড়া মন্দিরের ভেতরে যাতায়াতের সুবিধার্থে বৈদ্যুতিক বাসও দান করেছেন এই উদ্যোক্তা।
প্রবাসীর কথা ডেস্ক 




















