২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার তথ্য তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, নিহতদের মধ্যে রংপুরের আবু সাঈদ ও নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুও রয়েছে। এসব হত্যাকাণ্ডে তৎকালীন সরকারের নিরাপত্তা বাহিনীর ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত ‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হ্যারি টমাস। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।
আরও পড়ুন: রোমানিয়ায় বেতন ও আবাসন নিয়ে বিপাকে ৬০০ নেপালি কর্মী
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহতদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। একই সময়ে সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন।
হ্যারি টমাস বলেন, নিহতের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি করে জীবন ও পরিবারের গল্প। রংপুরে আবু সাঈদ পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন। নারায়ণগঞ্জে সংঘর্ষ দেখার সময় ছাদ থেকে গুলিতে প্রাণ হারায় ছয় বছরের এক শিশু। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে হলে আইনি প্রক্রিয়া ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। জনগণকেই ভোটের মাধ্যমে নিজেদের সরকার বেছে নিতে হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও গুরুত্বপূর্ণ, যারা সরকারের জবাবদিহি নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনের ফল নিয়ে মতভিন্নতা থাকলেও ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি স্বীকৃতি দেওয়া উচিত।
দেশের রাজনৈতিক বিভাজন দূর করার ওপরও গুরুত্ব দেন সাবেক এই রাষ্ট্রদূত। বিএনপি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে রাজনৈতিক দূরত্বের কথা উল্লেখ করে তিনি পুরোনো প্রতিদ্বন্দ্বিতা ও বিদ্বেষের বাইরে এসে ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
নতুন সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হ্যারি টমাস। হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণের বরাত দিয়ে তিনি বলেন, বিরোধী হিসেবে বিবেচিত ব্যক্তিদের যথেচ্ছ আটক এবং মানবাধিকার সুরক্ষার দুর্বলতা রাজনৈতিক দমন-পীড়নের চক্র অব্যাহত রাখছে। ২০২৪ সালে নিহতদের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সংবিধান অনুযায়ী প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার করতে হবে। অভিযোগ ছাড়া কাউকে আটক রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মূল্যস্ফীতি, দারিদ্র্য, ব্যাংক খাতের চাপ ও রাজস্ব আদায়ের দুর্বলতা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময় ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। এই সময়কে কাজে লাগিয়ে অর্থনৈতিক সংস্কার, রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র কখনো সরে যায়নি। রোহিঙ্গা সহায়তা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে। পাশাপাশি দুই দেশের বাণিজ্য চুক্তি এবং উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।
প্রবাসীর কথা ডেস্ক 























