ইউরোপের দেশ রোমানিয়ায় বেতন ও আবাসন সুবিধা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ৬০০ জনের বেশি নেপালি কর্মী। নিয়োগ চুক্তিতে উল্লেখ করা বেতনের চেয়ে কম দেওয়ার প্রস্তাব এবং বিনা মূল্যে আবাসনের প্রতিশ্রুতি দিয়েও ভাড়া বাবদ অর্থ কাটার উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা।
নেপালভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান টাইমস ম্যানেজমেন্ট সিস্টেম প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এসব কর্মী রোমানিয়ায় যান। তাঁদের অভিযোগ, চাকরির চুক্তিতে যে বেতন ও সুযোগ-সুবিধার কথা বলা হয়েছিল, তা দেওয়া হচ্ছে না। বিনা মূল্যে আবাসনের প্রতিশ্রুতি থাকলেও এখন সেই খরচ বেতন থেকে কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
কাঠমান্ডু পোস্টের ২৪ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, রোমানিয়ায় কর্মসংস্থানের জন্য প্রত্যেক কর্মী প্রায় ১০ লাখ নেপালি রুপি খরচ করেছেন।
কর্মীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে রোমানিয়াভিত্তিক বিসার লজিস্টিকস প্রাইভেট লিমিটেড। নেপাল ছাড়ার আগে স্বাক্ষরিত চাকরির চুক্তিতে তাঁদের মাসিক মূল বেতন ২ হাজার ৬৯৯ রোমানিয়ান লেই (আরওএন) নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু কর্মীদের দাবি, বিসার লজিস্টিকস এখন তাঁদের মাসে ২ হাজার ৪৫৫ লেই দেওয়ার কথা বলছে। অর্থাৎ চুক্তিতে উল্লেখ করা বেতনের চেয়ে মাসে ২৪৪ লেই কম দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ নিয়ে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান পাননি বলে জানিয়েছেন কর্মীরা।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ৬০০ জনের বেশি কর্মী কাজ বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। এদিকে, বিসার লজিস্টিকসের একটি বার্তাও প্রকাশ করেছেন তাঁরা। সেখানে বলা হয়েছে, যাঁরা কাজে যোগ দেবেন না, তাঁদের হোস্টেলের আবাসন ছেড়ে দিতে হবে।
এ ছাড়া হোস্টেলে থাকার জন্য প্রতি মাসে ৩০০ লেই কেটে নেওয়ার উদ্যোগ নিয়েও আপত্তি জানিয়েছেন কর্মীরা। তাঁদের দাবি, রোমানিয়ায় যাওয়ার আগে বিনা মূল্যে আবাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
বেতন নিয়ে বিরোধ এবং আবাসন হারানোর আশঙ্কায় কর্মীরা তাঁদের চাকরি, জীবনযাত্রা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ পরিস্থিতিতে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা।
একই সঙ্গে জার্মানিতে অবস্থিত নেপালি দূতাবাসকে কোম্পানি ও কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তাঁরা।
কর্মীদের দাবি, নেপালে স্বাক্ষরিত চাকরির চুক্তিতে উল্লেখ করা বেতন এবং বর্তমানে দেওয়া বেতনের মধ্যকার পার্থক্য তদন্ত করতে হবে। পাশাপাশি বিনা মূল্যে দেওয়ার কথা থাকা আবাসনের জন্য মাসে ৩০০ লেই কাটার প্রস্তাবেরও ব্যাখ্যা দিতে হবে।
বিরোধের জেরে কোম্পানি যাতে তাঁদের চাকরিচ্যুত করতে না পারে, আবাসন থেকে উচ্ছেদ করতে না পারে কিংবা অন্য কোনোভাবে চাপ সৃষ্টি করতে না পারে, সে নিশ্চয়তাও চেয়েছেন তাঁরা।
প্রবাসীর কথা ডেস্ক 





















