ভারতে পাকিস্তানি শিল্পীদের নিয়ে নিষেধাজ্ঞা ও নানা বিধিনিষেধের মধ্যে এবার দুবাইয়ের একসঙ্গে দেখা গেল ভারতীয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং ও পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে।
গালফ নিউজ থেকে জানা যায়, দুবাইয়ে এক অভিন্ন বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানি সিং ও আতিফ আসলাম। সেখানেই অতিথিদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন দুই শিল্পী। অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নাচের ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, আব্রার উল হকের জনপ্রিয় গানের তালে নাচছেন হানি সিং ও আতিফ। নবদম্পতিকে অভিনন্দন জানাতেও দেখা যায় তাদের।
আরও পড়ুন: ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’
দুই শিল্পীর একসঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করেন সাদিক। সন্ধ্যাটি স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তিনি দুজনের প্রশংসা করেন। তার ভাষ্য, হানি সিং বেশ স্টাইলিশ পোশাকে অনুষ্ঠানে এসে পুরো আয়োজনে প্রাণবন্ত পরিবেশ তৈরি করেন। অন্যদিকে আতিফ ছিলেন শান্ত ও স্বভাবসুলভ সংযত।
সাদিক আরও জানান, কনসার্টের মহড়ায় ব্যস্ত থাকার পরও নিজের কথা রাখতেই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আতিফ। তাকে কাছে পেয়ে আনন্দিত ছিলেন আয়োজকেরা। দক্ষিণ এশিয়ার সংগীতজগতে দুই দেশের দুই জনপ্রিয় শিল্পী হানি সিং ও আতিফ আসলামের আলাদা পরিচিতি রয়েছে। তবে পাকিস্তানি শিল্পী হওয়ায় ভারতে আতিফের গান ও শিল্পীজীবন ঘিরে নানা বিধিনিষেধ রয়েছে। এমন প্রেক্ষাপটে দুবাইয়ের বিয়ের আসরে দুই তারকার একসঙ্গে নাচের দৃশ্য ভক্তদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে।
অনুষ্ঠানটির সঞ্চালক সাদিক সেলিম ইনস্টাগ্রামে তাদের নাচ ও ছবি শেয়ার করে লেখেন, একদিকে যখন পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজ বন্ধের জন্য অভিযোগ দায়ের করা হচ্ছে, ঠিক তখনই দুবাইয়ে সংগীত ও বন্ধুত্ব উদযাপন করছেন তারা।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই ভারতে তা নিষিদ্ধের দাবি জোরালো হয়েছে।
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে ভারতে এই সিরিজটি না দেখানোর আহ্বান জানিয়েছে। এমন রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তেজনার মধ্যেই হানি সিং ও আতিফ আসলামের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি নেটিজেনদের নজর কেড়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 























