ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রমিকরা। পশ্চিম জাভা প্রদেশের একটি অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস ও বন্যার ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৭ জন। তাঁদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
আরও পড়ুন: মহাকাশে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানি নভোচারী
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম জাভার বোগর জেলার সিগুহা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পড়ে। পরে সেখানে পানি ঢুকে পড়লে ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন।
জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানান, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজ ১৭ জনও খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে আটকে পড়াদের কাছে পৌঁছাতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। খনির ভেতরের পথ সরু ও অসমতল হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জমে থাকা পানি, পর্যাপ্ত আলোর অভাব এবং পিচ্ছিল পরিবেশ।
উদ্ধারকর্মীরা নিখোঁজ শ্রমিকদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন। তবে উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সিগুহা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের কার্যক্রম চলে আসছে। ঝুঁকিপূর্ণ পরিবেশে পরিচালিত এসব খনিতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 





















