রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত সাভাসলেইকা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। গতকাল বুধবার এ হামরা পরিচালনা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের সেনাপ্রধানের দপ্তর।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ বিমান বাহিনীর তিনটি মিগ-৩১ এবং দু’টি সু-৩৪ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। রুশ বিমান বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য মিগ-৩১ সিরিজের বিমান এবং বোমা বর্ষণের জন্য সু-৩৪ সিরিজের বিমান ব্যবহার করে থাকে।
আরও পড়ুন: রাশিয়া, চীন ও পাকিস্তান গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে: ট্রাম্প
বিমানঘাঁটিতে হামলার জন্য ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে— তা উল্লেখ করা হয়নি ইউকেব্রনের সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে। রাশিয়ার পক্ষ থেকেও এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিটি ২০২২ সালে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আছে। এই ঘাঁটি থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং গ্লাইড বোমা নিক্ষেপের কাজে ব্যবহৃত বিমানগুলো পরিচালনা করে রুশ বিমান বাহিনী।
বিশেষ করে মিগ-৩১ যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করলেই পুরো ইউক্রেন জুড়ে সতর্কবার্তা জারি করা হয়। কারণ, এগুলোতে থাকা কিনজাল ক্ষেপণাস্ত্রগুলো বড় ধরনের অবকাঠামো ও সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম এবং মিগের সিরিজের বিমানগুলোকে ভূপাতিত করা অত্যন্ত কঠিন।
বুধবার সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলার পাশপাশি রাশিয়ার সামারা প্রদেশের দু’টি তেল শোধনাগার এবং বর্তমানে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের ভূখণ্ডে একটি রাডার সিস্টেম এবং জ্বালানি ও লজিস্টিক ডিপোতেও আঘাত হানার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
সামারা প্রদেশের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ তেল শোধানাগারে ইউক্রেনের হামলার তথ্য স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, “বুধবার রাতের এই হামলাটি ছিল একটি বড় অগ্নিপরীক্ষা। হামলার সময় দেড় শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন এবং সেগুলোর মধ্যে ১৪৫টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে।”
ফেদোরিশচেভ জানিয়েওছেন, বুধবারের হামলায় একজন নিহত হয়েছেন এবং প্রদেশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 























