ইউরোপে উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় দেশ ছেড়েছিলেন তাঁরা। কিন্তু সেই স্বপ্নের যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামল, তা জানা নেই স্বজনদের। লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় পাকিস্তানের অন্তত ২৫ জন নাগরিক নিহত বা নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৬ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য দিলেন ফাতিমা
প্রতিবেদন অনুযায়ী, গত ২১ নভেম্বর এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে থাকা অধিকাংশ যাত্রীই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলার লোয়ার মামুন্দ ও সালারজাই এলাকার বাসিন্দা। তাঁদের বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রের বরাতে ডন জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা ৩৫ জন পর্যন্ত হতে পারে। তবে স্বজনদের কাছে থাকা তথ্য অনুযায়ী, অন্তত ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় বাজাউরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের কয়েকজনের নিজ এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্বজনদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পাকিস্তান সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
লোয়ার মামুন্দ এলাকার বাসিন্দা নাসির খান জানিয়েছেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিদের কাছ থেকে তাঁরা দুর্ঘটনার খবর পেয়েছেন। একই এলাকার লারখোলোজো গ্রামের প্রবীণ বাসিন্দা জাভেদ খানের দাবি, নিহতদের মধ্যে প্রায় ১১ জন তাঁর এলাকার বাসিন্দা।
তবে এখনো পাকিস্তান সরকার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা কোনো আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় অবস্থিত পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই তাঁরা প্রথম দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন। পরে লিবিয়ার কর্তৃপক্ষ ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কাছে তথ্য চাওয়া হয়েছে। তবে এখনো কোনো পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি।
বাজাউরের সংসদ সদস্য ও উপজাতীয় জেলা বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোবারক জেব খান জানিয়েছেন, এ ঘটনায় পাকিস্তানি দূতাবাস এবং প্রবাসী পাকিস্তানিদের বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। দুর্ঘটনায় তাঁর চাচাতো ভাই পাজিরুল্লাহও নিহত হয়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিখোঁজদের মরদেহ উদ্ধারে অনুসন্ধান অভিযান চলার কথা জানান।
এ ঘটনায় পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোক প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন পিটিআই, এএনপি, পিএমএল-এন ও জামায়াতে ইসলামীর নেতারা।
এএনপির মুখপাত্র আরসলান খান নাজিম ঘটনাটিকে জাতীয় বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য, উন্নত ভবিষ্যৎ ও কর্মসংস্থানের আশায় ঘর ছেড়ে যাওয়া ৩০ জনের বেশি তরুণের ভূমধ্যসাগরে নিখোঁজ বা প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক।
উল্লেখ্য, ইউরোপে উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে অভিবাসনের চেষ্টা করেন। লিবিয়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। এ পথে মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়ে প্রাণ হারানোর ঘটনাও নিয়মিত ঘটছে।
প্রবাসীর কথা ডেস্ক 





















