সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়, এরপর নানা প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া। সেখানে একটি বাসায় আটকে রেখে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং নামের এক চীনা নাগরিকের বিরুদ্ধে।
নিখোঁজ হওয়ার ছয় দিন পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চেন ইয়ংকেও গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় মানিকগঞ্জের ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের ছয় দিন পর ২৪ নভেম্বর রাতে বড় বোনকে ফোন করে নিজের অবস্থান ও নির্যাতনের কথা জানায় সে। শিক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়।
অভিযানের সময় চেন ইয়ংকে গ্রেপ্তারের পাশাপাশি একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ওই শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থীর বড় বোনের কাছ থেকে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রবাসীর কথা ডেস্ক 





















