সরকারিভাবে ব্রুনাই দারুসসালামে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ পুরুষ কর্মীরা। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দেশটির ১৯টি কোম্পানিতে বিভিন্ন পদে মোট ৩৭০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোয়েসেল গত ২২ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন লিংক: https://www.oep.gov.bd/job-circulars
ব্রুনাইয়ের ১৯টি কোম্পানিতে নির্মাণশ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামারশ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার নেওয়া হবে।
বেশির ভাগ পদে দৈনিক মজুরি ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার। তবে যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ব্রুনাই ডলার।
পদভেদে আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক, মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও মালয় ভাষায় দক্ষ প্রার্থীরা নিয়োগে বিশেষ অগ্রাধিকার পেতে পারেন।
নির্বাচিত কর্মীদের সঙ্গে দুই বছরের নবায়নযোগ্য শ্রম চুক্তি হবে। প্রতিদিন আট ঘণ্টা কাজের পাশাপাশি ওভারটাইম, চিকিৎসা, বিমা ও ছুটির সুবিধা পাওয়া যাবে ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী।
কর্মীদের বিমানভাড়া ও আবাসনের খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে খাবারের খরচ নিজেকেই বহন করতে হবে।
অনলাইনে আবেদনের সময় অফেরতযোগ্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকা পে-অর্ডার জমা দিতে হবে।
পে-অর্ডার করতে হবে ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখায়। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশে মেডিকেল পরীক্ষার খরচ কর্মীকে বহন করতে হবে।
নিয়োগের নামে প্রতারণা এড়াতে বোয়েসেল জানিয়েছে, সাক্ষাৎকারের সময়সূচি ও নির্বাচিত প্রার্থীদের তালিকা সংস্থার ওয়েবসাইট (boesl.gov.bd) এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি BOESL পোর্টাল অথবা ০১৫৫২১৪৬৪৫৬ নম্বর থেকে এসএমএস পাঠানো হবে।
সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, তারা কোনো নগদ অর্থ গ্রহণ করে না। দেশের কোথাও তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা শাখা কার্যালয় নেই। তাই নিয়োগের নামে কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োগসংক্রান্ত প্রয়োজনে ০১৭৬৫-৪১১৬৫৩ নম্বরে অথবা ওইপি হটলাইন ০৯৬১৮৮৮৪২৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।
প্রবাসীর কথা ডেস্ক 


















