মিয়ানমারে বেসামরিক মানুষের ওপর দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে মিয়ানমারে সামরিক জান্তার ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিমান জ্বালানি সরবরাহ বন্ধ এবং মানবিক সহায়তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের সরকারি তথ্য ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিয়ানমার (নিষেধাজ্ঞা) বিধিমালা ২০২১’-এর আওতায় এই পাঁচ কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসামরিক জনগণের ওপর নির্যাতন, সামরিক অভিযান এবং জনবসতিপূর্ণ এলাকায় হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শক্তিশালী ইরান গড়তে জনসংখ্যা বৃদ্ধি জরুরি: মোজতবা খামেনি
নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল মিয়ো মিন তুন। তিনি শান ও কায়াহ অঞ্চলের ইস্টার্ন মিলিটারি কমান্ডের দায়িত্বে রয়েছেন। বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়ন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তালিকায় রয়েছেন মেজর জেনারেল মিয়াত থেত উ। তিনি কাচিন অঞ্চলের নর্দার্ন কমান্ডের সাবেক কমান্ডার এবং লাওসে মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত। সামরিক বাহিনীর দমনমূলক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে তাঁকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এ ছাড়া রাখাইনের ওয়েস্টার্ন কমান্ডের সাবেক ও বর্তমান দুই কমান্ডার মেজর জেনারেল কিয়াও সোয়ে এবং মেজর জেনারেল কিয়াও সোয়ার উয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসাকেন্দ্রে বিমান হামলা এবং বেসামরিক মানুষের ওপর সামরিক নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। বিশেষ করে ম্রাউক-উ জেনারেল হাসপাতালে হামলার ঘটনাও নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকার পঞ্চম কর্মকর্তা হলেন মিয়ো হ্তুত হ্লাইং।
প্রবাসীর কথা ডেস্ক 


















