চীনের মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে পৌঁছে নতুন ইতিহাস গড়েছেন পাকিস্তানি নভোচারী ও পাইলট মোহাম্মদ জিশান আলী। প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের এই মহাকাশ মিশনে অংশ নিচ্ছেন তিনি।
চীনের জিউচুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি সফলভাবে উৎক্ষেপণের পর মাত্র সাড়ে তিন ঘণ্টায় মহাকাশযানটি তিয়াংগং স্টেশনের সঙ্গে যুক্ত হয়। সেখানে পৌঁছানোর পর আগের শেনঝৌ-২৩ দলের নভোচারীরা নতুন দলকে স্বাগত জানান।
আরও পড়ুন: সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে জড়ো হয়েছিলেন কর্মকর্তা, বিজ্ঞানী ও সাধারণ মানুষ। রকেট উৎক্ষেপণের সময় জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি দুই দেশের পতাকা নেড়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই অভিযানকে চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার অনন্য প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছে।
মহাকাশে অবস্থানকালে তিন সদস্যের নভোচারী দলটি ৯০টির বেশি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে। এর মধ্যে জিশান আলী সালোকসংশ্লেষণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করবেন।
এ ছাড়া মাইক্রোঅ্যালগি, মহাকাশে কুইনোয়া চাষ এবং মহাকাশযানের বিভিন্ন উপকরণ নিয়েও পাকিস্তানের পক্ষ থেকে গবেষণা পরিচালনার পরিকল্পনা রয়েছে।
২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে চীন। দেশটির মহাকাশ কর্মসূচিতে পাকিস্তানের এই অংশগ্রহণ দুই দেশের বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন অধ্যায় যুক্ত করেছে।
প্রবাসীর কথা ডেস্ক 





















