টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেম ও বিয়ের প্রলোভন। এভাবেই গত তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিরুদ্ধে। মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে এসব চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভ্রমণ ভিসায় গত ১২ আগস্ট বাংলাদেশে আসেন চেন ইয়ং। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন তিনি। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্রও তৈরি করতেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য দিলেন ফাতিমা
পরে নারীদের ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ উঠেছে। গত ২৪ নভেম্বর রাতে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী কয়েকজন নারী মানিকগঞ্জ সদর থানায় উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারী চেন ইয়ংকে নিজের স্বামী বলেও দাবি করেন।
মানিকগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, চেন ইয়ংয়ের ব্যবহৃত মুঠোফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্তত ১৫ নারীর সঙ্গে তাঁর এমন সম্পর্কের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এসব সম্পর্কের প্রকৃত ধরন, বিয়ের সংখ্যা এবং অন্য কোনো নারী নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, চেন ইয়ং বাংলাদেশে ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যে এসেছেন বলে দাবি করেছেন। চীনে তাঁর একটি ছোট অটোগ্যারেজ রয়েছে। পাশাপাশি তিনি গাড়িচালক হিসেবেও কাজ করতেন বলে জানিয়েছেন। তবে বাংলাদেশে আসার পর কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে মানিকগঞ্জ সদর উপজেলার এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থী মুঠোফোনে বড় বোনকে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় ডেকে নেওয়া হয়। পরে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চেন ইয়ংকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাসীর কথা ডেস্ক 























