চিকিৎসা পাওয়ার অপেক্ষাই যেন অনেকের জীবনের শেষ অপেক্ষা হয়ে দাঁড়িয়েছে কানাডায়। দেশটির স্বাস্থ্যসেবায় দীর্ঘ অপেক্ষমাণ তালিকায় থাকা অবস্থায় প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি সরকারের প্রকাশিত তথ্যে উঠে এসেছে এমন চিত্র।
সিটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ২০২৫-২৬ অর্থবছরেই অস্ত্রোপচার, বিভিন্ন চিকিৎসা পদ্ধতি, ডায়াগনস্টিক স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা অন্তত ২৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘসূত্রতার কারণে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা সময়মতো পাননি। এতে বিভিন্ন রোগের জটিলতা বেড়েছে। বিশেষ করে ক্যানসার, হৃদরোগ ও হাড়-জোড়াসংক্রান্ত অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীদের ভোগান্তি বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিকিৎসক ও নার্সের ঘাটতি, হাসপাতালের শয্যাসংকট এবং দীর্ঘ অপেক্ষমাণ তালিকা কানাডার স্বাস্থ্যসেবায় চাপ তৈরি করেছে।
নতুন এই পরিসংখ্যান প্রকাশের পর দেশটির স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা ও চিকিৎসাসেবা পাওয়ার দীর্ঘসূত্রতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অপেক্ষার সময় কমিয়ে রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রবাসীর কথা ডেস্ক 























