যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের নতুন সিদ্ধান্ত। প্রতিষ্ঠানটির কনসাল্টিং বিভাগে অধিকাংশ পদে নতুন করে ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো বিদেশি কর্মী, বিশেষ করে এইচ-১বি ভিসাধারী ও গ্রিন কার্ডের আবেদনকারীরা অনিশ্চয়তায় পড়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, আইবিএমের কনসাল্টিং বিভাগে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী রয়েছেন। সিদ্ধান্তের আওতায় পড়া যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের দেশটির বাইরে অন্য কোনো দেশে স্থানান্তরিত হয়ে কাজ চালিয়ে যাওয়ার অথবা চাকরি ছাড়ার বিকল্প দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
কর্মীদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রায় তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে কাজ করতে রাজি হবেন না, তাদের চাকরি ছাড়তে হতে পারে। এ ক্ষেত্রে তাদের তিন মাসের বেতন-ভাতার সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এসব কর্মীর চাকরির শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।
আইবিএমের এ সিদ্ধান্তের পেছনে ব্যবসায়িক প্রয়োজন এবং বিভিন্ন দেশে দক্ষ কর্মীর প্রাপ্যতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এর ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে ভারতীয় পেশাজীবীদের ওপর এ সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের অনেকেই এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করছেন কিংবা গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। আইবিএমের সিদ্ধান্ত কার্যকর হলে তাদের অনেককে যুক্তরাষ্ট্রের বাইরে চলে যেতে হতে পারে।
তবে এ সিদ্ধান্ত আইবিএমের কনসাল্টিং বিভাগের নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে প্রযোজ্য। যুক্তরাষ্ট্রে কর্মরত সব অভিবাসী বা সব বিভাগের কর্মীর জন্য এটি প্রযোজ্য নয়।
প্রবাসীর কথা ডেস্ক 




















