যুক্তরাষ্ট্রের সেনাদের কাছ থেকে নিজেদের দুটি ট্যাংকার জাহাজ উদ্ধার করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। তারা বলেছে, এই ট্যাংকার দুটি মার্কিন সেনারা চুরি করেছিল।
শুক্রবার (২৭ নভেম্বর) নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা তাসনিম নিউজ।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫
সেনা কর্মকর্তা সিরাম ইরানি তাসনিম নিউজকে বলেছেন, “যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের দুটি ট্যাংকার চুরি করেছিল। কিন্তু যখন জাহাজগুলোর ক্রুরা ঘুমিয়ে ছিল তখন আমাদের সেনারা সেগুলোতে ওঠে এবং জাহাজগুলো উদ্ধার করতে সমর্থ হয়।”
সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, ইরান কোন দুটি ট্যাংকার উদ্ধার করেছে সেটি নিশ্চিত নয়। এছাড়া যুক্তরাষ্ট্র কোন ট্যাংকারগুলো চুরি করেছিল তাও স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তারা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। অপরদিকে যুক্তরাষ্ট্র জুন থেকে হরমুজে ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।
সাম্প্রতিক সময়ে ইরান হরমুজে চলা অন্যান্য দেশের ট্যাংকার জাহাজে হামলা বাড়িয়ে দিয়েছে। গত পাঁচদিনে তারা ৪০টির বেশি জাহাজকে টার্গেট করেছে।
এরমধ্যে নিজেদের দুটি ট্যাংকার উদ্ধারের তথ্য দিলো তেহরান। তবে ট্যাংকারগুলো কোন জায়গা থেকে মার্কিন সেনারা নিয়ে গিয়েছিল সেটি জানায়নি তারা।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ এখন থমকে আছে। তবে মার্কিনিদের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ কারণে তারা এখন অবরোধ ভাঙার চেষ্টা করছে।
প্রবাসীর কথা ডেস্ক 
























