ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে দুমড়ে-মুচড়ে গেছে তার গাড়িটি। তবে ঋতুপর্ণা সেনগুপ্ত নিরাপদে রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অভিনেত্রীর বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ৬০ বছরেও ‘কিশোরী’ থাকতে চান চমক
ঘটনা বর্ণনা করে ভারতীয় একটি গণমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “ঘটনার সময়ে আমি বাড়ির ভিতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির কর্মীরা ও আমি বাইরে ছুটে আসি। দেখি একটি ম্যাটাডোর আমার পার্ক করে রাখা গাড়িটিকে সজোরে ধাক্কা মেরেছে। ফলে আমার গাড়ির পিছনের বাঁ দিকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
উদ্বেগ প্রকাশ করে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “যদি সেখানে কোনো মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।”
দুর্ঘটনার পর ম্যাটাডোর চালককে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন তারা। যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, ওই গাড়ির অনুমোদিত চালক তিনি নন, বরং ক্যাটারিং সার্ভিসের একজন কর্মী।
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। চালক নিজেই স্বীকার করেছেন-তার কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। কোনো অনুমতি ছাড়াই গাড়িটি চালাচ্ছিলেন। এই ধরনের ঘটনায় অনেকেই বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই সকলেরই একটু দায়িত্বজ্ঞান বজায় রাখা প্রয়োজন।”
প্রবাসীর কথা ডেস্ক 

























