লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান এবং নানা ধরনের ভোগান্তির শিকার হওয়া ১৭৪ বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। মানবপাচারকারীদের প্রলোভনে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমানো এসব বাংলাদেশির অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করা এসব নাগরিকের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট দেশি-বিদেশি সংস্থার সমন্বিত উদ্যোগে।
আরও পড়ুন: প্রবাসীদের “রেমিট্যান্স পুরষ্কার” প্রদানের উদ্যোগ বাংলাদেশ দূতাবাসের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেককে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিমানবন্দরে অভ্যর্থনা, পুনর্বাসনে আইওএমের সহায়তা ঢাকায় ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আইওএমের কর্মকর্তারা।
এ সময় অবৈধ পথে বিদেশযাত্রার ভয়াবহ পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে দেশে ফেরা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা ও লিবিয়ায় কাটানো দুর্বিষহ সময়ের কথা অন্যদের সামনে তুলে ধরার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে, দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার প্রাথমিক সহায়তা হিসেবে প্রত্যেককে পথখরচা, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দিয়েছে আইওএম। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।
ডিটেনশন সেন্টারে আটক অন্যদের ফেরানোর উদ্যোগ লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনো আটক রয়েছেন আরও অনেক বাংলাদেশি নাগরিক। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক বাংলাদেশিদের প্রত্যাবাসন নিশ্চিত করতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।
সংশ্লিষ্টদের এই উদ্যোগের মাধ্যমে লিবিয়ায় বিপদগ্রস্ত বাংলাদেশিদের পর্যায়ক্রমে নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
প্রবাসীর কথা ডেস্ক 



















