বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে মন্ত্রণালয়ের সরকারি নিয়োগানুমতি বা পূর্বানুমোদন ছাড়া নির্দিষ্ট ১২টি দেশে কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের বহির্গমন ছাড়পত্র দেওয়া হবে না।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো—সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮ অভিবাসী
সম্প্রতি মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে চিঠি দিয়ে নতুন নির্দেশনার বিষয়টি অবহিত করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা, মানবপাচার ও শ্রমিক শোষণ ঠেকাতেই এ উদ্যোগ। বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের স্ক্যাম কম্পাউন্ডে আটকে রেখে অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বৈধ বহির্গমন ছাড়পত্র ছাড়া এসব দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া যাবে না। এ অবস্থায় বিদেশগামীদের কোনো এজেন্সি বা দালালের সঙ্গে আগাম আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আকর্ষণীয় চাকরির প্রস্তাবে প্রলুব্ধ না হয়ে নিয়োগসংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সরকারি নিয়মে যাচাই করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রবাসীর কথা ডেস্ক 

























