নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রয়াণে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করছেন। সোহেল খানের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথা স্মরণ করে এবং পুরোনো স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শোক বার্তা জানাচ্ছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী দীপা খন্দকারসহ অনেকেই।
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ফেসবুকে লিখেছেন, ‘এই মানুষটার সাথে দেখা হলে অনেক কথা বলতো, সতীর্থকে দেখলেই বলতো ভাই আপনিতো আগে অনেক পান খাইতেন! যদিও সতীর্থ কোন কালেই পান খেতো না, কিন্তু তার মাথায় কেন যেন এটা আটকে ছিল। আজ সকাল থেকে ফেসবুকে এই মানুষটির ছবিই দেখছি, অথচ আজ আর কোনো কথা হচ্ছে না! ব্যাপারটা অসাধারণ একজন অভিনেতার অভিনয়শিল্পেই মৃত্যু! আমরা শিল্পীরা এমনটাই চাই, যেন কাজটা করতে করতেই বিদায় নেই পৃথিবী থেকে।’
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
স্ট্যাটাসের শেষাংশে সোহেল খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘বিদায় সোহেল খান! আপনার আত্মার শান্তি কামনা করছি।’
পুরোনো স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী তার পোস্টে লেখেন, ‘সোহেল ভাই…..!!!! পরলোকে শান্তিতে থাকুন!!! আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভীড় জমাচ্ছে।’ চঞ্চল ও সোহেল খান একসঙ্গে বহু নাটকে কাজ করেছেন।
সোহেল খানের মৃত্যুর খবর শুনে মঙ্গলবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তৌসিফ মাহবুব। সেখানে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা সোহেল খান ভাই আর আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।’
ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন অভিনেত্রী দীপা খন্দকারও। সেখানে তিনি লেখেন, ‘আহা কী দারুণ। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর ১ মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়।’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে পরিচালক মো. ইকবাল বলেন, সোহেল খানের মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তাকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য অভিনেতাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রবাসীর কথা ডেস্ক 

























