আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত এই কানাডীয় নভোচারী জশুয়া কুট্রিক মহাকাশ থেকেই তার সদ্যজাত তৃতীয় কন্যার জন্মের আনন্দ উদযাপন করেছেন। গত অক্টোবরে ছয় মাসের একটি মিশনে যোগ দিতে নাসার মহাকাশ স্টেশনে এসেছেন কুট্রিক।
কানাডার মহাকাম গবেষণা সংস্থা কানাডিয়ান স্পেস এজেন্সির তথ্য অনুযায়ী, মঙ্গলবার তার স্ত্রী হেদার কুট্রিক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। সংস্থাটি তাদের এক্স অ্যাকাউন্টে নবজাতকের একটি ছবিসহ এই সুখবরটি প্রকাশ করে, যার প্রতিক্রিয়ায় কুট্রিক একটি ‘হার্ট’ ইমোজি দিয়েছেন।
আরও পড়ুন: ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত
সংস্থাটির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জোশুয়া-হেদার দম্পতি বলেন, “আমাদের মাঝে বিশাল দূরত্ব থাকা সত্ত্বেও, আমাদের জীবনে নতুন এই ছোট্ট তারকার আগমনে আমরা গভীর এক সংযোগ অনুভব করছি।”
The family of @Astro_Kutryk is growing! Congratulations on this wonderful news. Learn more: https://t.co/8MtPe63Wop https://t.co/c6BTBIg24c
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জশুয়া কুট্রিক ইতিহাসের চতুর্থ নভোচারী—যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকালে নিজের সন্তানের জন্ম প্রত্যক্ষ করতে পারেননি। এটি তার প্রথম মহাকাশ মিশন; দম্পতিটির ভাষ্যমতে, এটি ছিল কুট্রিকের ছোটবেলার স্বপ্ন।
এই দম্পতির আরও দুটি সন্তান রয়েছে—পিটার ও আনা, যাদের বয়স যথাক্রমে পাঁচ ও সাত বছর।
বিবৃতিতে জোশুয়া-হেদার দম্পতি আরও বলেন, “আমরা আমাদের সন্তানদের দেখাতে চাই যে বড় স্বপ্ন দেখা সার্থক; কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প গুরুত্বপূর্ণ; এবং পরিবার ও একটি শক্তিশালী কমিউনিটির সমর্থনে অসাধারণ সব কাজ করা সম্ভব।”
মহাকাশ মিশনে যাওয়ার আগে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুট্রিক বলেছিলেন যে, সন্তানের জন্মের সময় পাশে থাকতে না পারাটা কঠিন হবে, তবে তারা এর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন।
সে সময় তিনি বলেছিলেন, “এটি একটি বড় চ্যালেঞ্জ, একটি বড় অভিযান। তবে আমরা দুজনেই সবসময় কিছুটা অ্যাডভেঞ্চার বা চ্যালেঞ্জ পছন্দ করেছি। আমার মনে হয়, যদি কাউকে এমন কিছু করতে হয়, তবে তা আমরাই করতে পারি। আর যদি কেউ এটি সফলভাবে করতে পারে, তবে তার কৃতিত্ব আমার স্ত্রী ও পরিবারের—তারা সত্যিই অসাধারণ।”
২০২৭ সালের মার্চ মাসে কুট্রিকের পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 























