দেশের স্বর্ণবাজারে যেন ঊর্ধ্বগতির দৌড় থামছেই না। মাত্র তিন দিনের ব্যবধানে তিন দফা দাম বাড়িয়ে নতুন রেকর্ডের পথে সোনা। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্তে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা।
আরও পড়ুন: চলতি বছর মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ৩২৩ জন.
এর আগে ২৬ ও ২৭ নভেম্বর দুই দফায় প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। অর্থাৎ টানা তিন দিনের মূল্যবৃদ্ধিতে সোনার বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৩ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন মূল্য কার্যকর থাকবে। গয়না তৈরির মজুরি নকশা অনুযায়ী নির্ধারিত হবে। তবে নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না।
প্রবাসীর কথা ডেস্ক 



















