মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মডেল কেয়ারটেকার ও ফিল্ড অফিসারদের ভূমিকা অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছে ইফা বাংলাদেশ মডেল কেয়ারটেকার পরিষদ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়।
সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ জারি করেছে। এর ২৯(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ইফার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের ফিল্ড অফিসার ও মডেল কেয়ারটেকাররা তাদের দপ্তর মডেল মসজিদে সরিয়ে নেবেন এবং মসজিদ পরিচালনায় সার্বিক সহযোগিতা করবেন। পরিষদ চায়, এই বিধান যেন কোনো স্বার্থান্বেষী মহলের চক্রান্তে বাতিল বা খর্ব না হয়।
আরও পড়ুন: আজ শুভ বড়দিন
সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ের মডেল মসজিদের ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতেই নীতিমালাটি করা হয়েছে। এর মাধ্যমে ২০২১ সালের আগের নীতিমালা রহিত হয়েছে (অনুচ্ছেদ ৩১)। নতুন নীতিমালা অনুযায়ী জেলা ও উপজেলা পাঠাগারও মডেল মসজিদে স্থানান্তরিত হবে এবং প্রকল্পের বিধান মেনে জনবলের সম্মানী ও ব্যয় নির্বাহ করা হবে। পাশাপাশি প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের মধ্য থেকে প্রতিটি মডেল মসজিদে অন্তত একটি শিক্ষাকেন্দ্র সরিয়ে আনা হবে।
পরিষদের নেতারা বলেন, মাঠপর্যায়ে ধর্মীয় শিক্ষা, মক্তব ও নৈতিকতা গঠনে মডেল কেয়ারটেকাররা দীর্ঘদিন ধরে কাজ করছেন। মডেল মসজিদে তাদের দপ্তর স্থানান্তরের এই স্বীকৃতি মসজিদের কার্যক্রমে নতুন গতি আনবে।
তবে একটি মহল এ বিধানের বিরুদ্ধে অপতৎপরতা চালাতে পারে বলে আশঙ্কা করছে পরিষদ। তাই ২৯(১) ধারা বহাল রাখা এবং মডেল কেয়ারটেকারদের কর্মপরিবেশ ও মর্যাদা রক্ষায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।
প্রবাসীর কথা ডেস্ক 
























