বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে শূন্য অভিবাসন ব্যয়ে প্রথম দফায় মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৫ বাংলাদেশি কর্মী। তবে চূড়ান্তভাবে নির্বাচিত ১১২ জনের মধ্যে ভিসা জটিলতায় যেতে পারেননি সাতজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এসব কর্মী। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী, ডেপুটি হাইকমিশনার, শ্রম কাউন্সিলরসহ হাইকমিশনের কর্মকর্তারা।
আরও পড়ুন: রোমানিয়ায় বেতন ও আবাসন নিয়ে বিপাকে ৬০০ নেপালি কর্মী
জানা গেছে, প্রথম পর্যায়ে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। এতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
আবেদনকারীদের মধ্য থেকে স্বয়ংক্রিয় লটারিতে প্রথমে ৩০০ জনকে বাছাই করা হয়। সাক্ষাৎকারে কয়েকজন অনুপস্থিত থাকায় পরবর্তী সময়ে আরও ৫০ জনকে লটারির মাধ্যমে সুযোগ দেওয়া হয়। এরপর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ডিএইচএল কর্তৃপক্ষ ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয়।
তবে সব প্রক্রিয়া শেষ করেও প্রথম যাত্রায় অংশ নিতে পারেননি সাতজন। বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তারা মালয়েশিয়া যেতে পারেননি।
মালয়েশিয়ায় পৌঁছানোর পর নতুন কর্মীদের দেশটির আইন ও ভিসার শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি সতর্ক করে বলেন, যে কোম্পানির ভিসায় কর্মীরা এসেছেন, সেই কোম্পানির বাইরে অন্য কোথাও কাজ করা দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি বা এজেন্টের প্রলোভনে পড়ে নিয়োগকর্তা পরিবর্তন কিংবা অন্যত্র কাজ না করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, নানা অনিয়ম ও সিন্ডিকেট-সংক্রান্ত অভিযোগের মধ্যে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী প্রবেশ বন্ধ হয়ে যায়। এর আগে ২০০৮ ও ২০১৮ সালেও বিভিন্ন সময়ে শ্রমবাজারটি বন্ধ হয়েছিল। ২০২২ সালে আবারও কর্মী পাঠানো শুরু হয়।
দীর্ঘ বিরতির পর বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে কর্মী পাঠানোর এই উদ্যোগকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মসংস্থানের নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে।
প্রবাসীর কথা ডেস্ক 



















