আফগানিস্তানের বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের ব্যক্তিগত নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। এখন থেকে নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ বা ‘দাদি’ সম্বোধন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদেরও এই নিয়ম অনুসরণের কথা বলা হয়েছে।
আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস এবং ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। অধিকারকর্মীদের আশঙ্কা, বালখের এই নির্দেশনা দেশের অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুন: লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ অন্তত ২৫ পাকিস্তানি
নারীদের ব্যক্তিগত পরিচয় আড়াল করার এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে মনে করছেন অধিকারকর্মীরা। নারী অধিকারকর্মী লালাহ ওসমানির মতে, এটি নারীদের পরিচয় মুছে দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টার অংশ।
তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অধিকারকর্মীদের হিসাবে, নারীদের অধিকার সীমিত করতে ১৪৪টির বেশি নির্দেশনা জারি করা হয়েছে। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষার সুযোগ বন্ধ এবং অধিকাংশ পেশায় নারীদের কাজের সুযোগ সীমিত করা হয়েছে।
তবে বাধা সত্ত্বেও দেশটির বিভিন্ন এলাকায় নারীরা গোপনে ব্যবসা পরিচালনা করছেন। মেয়েদের শিক্ষার সুযোগ ধরে রাখতে কোথাও কোথাও চালু রেখেছেন গোপন স্কুলও।
সরকারি নথিতে নারীদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্তে চিকিৎসাসেবা ও রোগী শনাক্তকরণে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একই ধরনের সম্বোধন ব্যবহারের কারণে রোগীর পরিচয় শনাক্তে বিভ্রান্তি দেখা দিতে পারে।
এদিকে নারী চিকিৎসক তৈরির সুযোগ সীমিত হওয়া এবং পুরুষ চিকিৎসকের মাধ্যমে নারীদের চিকিৎসা নেওয়ার বাধ্যবাধকতা স্বাস্থ্যসেবা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
আফগান নারীদের পরিচয় প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছেন লালাহ ওসমানি। ২০১৭ সালে পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে মায়ের নাম যুক্ত করার দাবিতে প্রচার শুরু করেন তিনি। ২০২০ সালে জন্মনিবন্ধনে স্বেচ্ছায় মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হলেও পরবর্তী সময়ে সেই অগ্রগতি বাধাগ্রস্ত হয়।
২০২১ সালের আগস্টে আবারও আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে নারীদের স্বাধীনতা ও অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। লালাহ ওসমানির ভাষায়, আফগানিস্তানে কোনো নারীকে তাঁর প্রকৃত নামে ডাকা এখন প্রতিরোধেরই একটি অংশ।
প্রবাসীর কথা ডেস্ক 



















