যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স ও এমবিএ করার সুযোগ দিচ্ছে ‘অক্সফোর্ড-পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৭’। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এ বৃত্তির আওতায় নির্বাচিত সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থী দুই বছর মেয়াদি ‘১+১ এমবিএ’ কর্মসূচিতে পড়ার সুযোগ পাবেন। এতে এক বছর মেয়াদি মাস্টার্স ও এক বছর মেয়াদি এমবিএ সম্পন্ন করা যাবে।
আরও পড়ুন: বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো
বৃত্তির আওতায় দুই বছরের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। পাশাপাশি প্রতি বছর জীবনযাত্রার খরচ হিসেবে দেওয়া হবে কমপক্ষে ২১ হাজার ৮০৫ পাউন্ড।
আবেদনকারীদের ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি নেতৃত্বের অভিজ্ঞতা ও সম্ভাবনা থাকতে হবে। বৈশ্বিক সমস্যা সমাধানে আগ্রহ, সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার পরিকল্পনা এবং পেশাগত অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হবে।
বৃত্তি পেতে আগ্রহীদের অক্সফোর্ডের নির্ধারিত মাস্টার্স কোর্স এবং এমবিএ—দুইটির জন্যই আলাদাভাবে আবেদন করতে হবে। এমবিএর আবেদনপত্রের ফান্ডিং অংশে পার্শিং স্কয়ার স্কলারশিপের আগ্রহ জানাতে হবে। পাশাপাশি সর্বোচ্চ ৫০০ শব্দের একটি প্রবন্ধ জমা দিতে হবে।
প্রবন্ধের বিষয়: ‘আপনি কীভাবে বিশ্বকে পরিবর্তন করতে চান এবং এ পরিকল্পনা একজন ব্যক্তি হিসেবে আপনার সম্পর্কে কী ধারণা দেয়?’
অক্সফোর্ড এমবিএ কর্মসূচিতে আবেদনের শেষ সময় ৬ জানুয়ারি ২০২৭। তবে পছন্দের মাস্টার্স কোর্সের আবেদন সংশ্লিষ্ট বিভাগের নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
বৃত্তি, যোগ্যতা ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলের অফিশিয়াল ওয়েবসাইটে।
প্রবাসীর কথা ডেস্ক 


















