সৌদি আরবের মরুর বুকে এক সন্ধ্যায় যেন বাংলাদেশি গানের আবহ। প্রিয় শিল্পীর কণ্ঠে পরিচিত সব গান শুনতে জেদ্দার রেড সি মল মাঠে জড়ো হয়েছিলেন বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গানে গানে তাঁদের আনন্দে মাতিয়ে তোলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশি বিনোদন প্রতিষ্ঠান আয়াদ রয়েল ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশি তারার মেলা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘ বিরতির পর এমন আয়োজন ঘিরে প্রবাসীদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ।
আরও পড়ুন: টিকটকে পটিয়ে স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রাখেন চীনা নাগরিক
মঞ্চে উঠে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন আসিফ আকবর। তাঁর কণ্ঠে ‘সবুজের বুকে লাল’, ‘একাকী গভীর রাতে’ ও ‘কিছু কিছু কথা ভোলা যায় না’ গানগুলো উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে যাওয়া কণ্ঠশিল্পী নাজমা সুইটি, পারভেজ খান ও ইমরান। তাঁদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায়ও মুখর ছিল পুরো আয়োজন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বিনোদনের এই আয়োজনে কমতি ছিল না প্রবাসীদের উপস্থিতিতে। জেদ্দার পাশাপাশি রিয়াদ ও তায়েফসহ বিভিন্ন অঞ্চল থেকে পরিবার নিয়ে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশিরা।
আয়োজকদের ভাষ্য, প্রবাসে পরিবার থেকে দূরে থেকে কঠোর পরিশ্রম করা বাংলাদেশিদের কিছুটা আনন্দ দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। আয়োজক প্রতিষ্ঠান আয়াদ রয়েল ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক আয়াদ উজ্জ্বল জানান, ভবিষ্যতেও সৌদি আরবের বিভিন্ন শহরে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 


















