নেপালে আঘাত হানা ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে বাংলাদেশে কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন: আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা
তবে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্যে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করা হয়েছে। উৎপত্তিস্থল হিসেবে নেপাল-তিব্বত সীমান্তের তাপেলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কথা বলা হয়েছে।
ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, নেপাল ও চীনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। ভারতের বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভবন ও বৈদ্যুতিক খুঁটি কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দাদের অনেকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে ভারতের আসামের কার্বি আংলং জেলায় ২ দশমিক ৫ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প আঘাত হানে।
প্রবাসীর কথা ডেস্ক 


















