বিএমইটির ছাড়পত্র নিয়ে বৈধ পথে লাওসে গিয়েছিলেন তাঁরা। কথা ছিল, রেস্টুরেন্টে কাজ করবেন, আয় করে পরিবারের সচ্ছলতা ফেরাবেন। কিন্তু গন্তব্যে পৌঁছে দেখেন, প্রতিশ্রুত কোম্পানি ও চাকরির কোনো ব্যবস্থা নেই। উল্টো আড়াই মাসের বেশি সময় ধরে বেকার থেকে এবার থাকার ঘরটুকুও হারানোর আশঙ্কায় পড়েছেন ২০ বাংলাদেশি কর্মী।
ভুক্তভোগীদের অভিযোগ, বাড়িভাড়া দিতে না পারায় সোমবার (২৩ নভেম্বর) তাঁদের বাসা ছেড়ে দেওয়ার চূড়ান্ত নোটিশ দিয়েছেন বাড়ির মালিক। খাবার, অর্থ ও আবাসন সংকটে থাকা এসব কর্মীর সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ।
আরও পড়ুন: সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কবার্তা
এ পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, মেসার্স টি কে এন্টারপ্রাইজ (RL-1527) লাওসের SOUTHERMANY SOLE CO. LTD.-এর নামে ৩০ জন কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করে। পরে টি কে এন্টারপ্রাইজ, শাইনিং ওভারসিজ (RL-2716) এবং মধ্যস্থতাকারী কার্তিক খান্নার মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়ে গত আগস্ট ও সেপ্টেম্বরে বিভিন্ন সময়ে কর্মীদের লাওসে পাঠানো হয়।
সেখানে রেডিশন রেস্টুরেন্টে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু লাওসে পৌঁছানোর পর তাঁদের কোনো কাজ দেওয়া হয়নি। অভিযোগ, দেশটিতে থাকা বাংলাদেশি প্রতিনিধি সৈকত তাঁদের রাজধানী ভিয়েনতিয়েনের কাছাকাছি একটি বাসায় রেখে চলে যান। এরপর কর্মসংস্থান কিংবা ভরণপোষণের কার্যকর ব্যবস্থা করেননি কেউ।
কর্মীদের অভিযোগ, দেশে থাকা এজেন্সি ও মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, এজেন্সি অর্থ পরিশোধ না করায় তাঁদের কাজে নিয়োগ দেওয়া যাচ্ছে না। এমনকি চাকরি পেতে নতুন করে টাকা দেওয়ার কথাও বলা হচ্ছে। অথচ প্রত্যেক কর্মী বিদেশ যাওয়ার পেছনে প্রায় ছয় লাখ টাকা ব্যয় করেছেন।
কাজ ও আয়ের ব্যবস্থা না হওয়ায় কয়েকজন বাধ্য হয়ে অনিয়মিতভাবে কাজ খোঁজার চেষ্টা করছেন। এতে স্থানীয় আইনি জটিলতা, শোষণ ও মানবপাচারের ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি।
সংগঠনটির সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, জীবিকার সন্ধানে বৈধভাবে বিদেশে গিয়ে কর্মস্থল, খাবার ও থাকার জায়গা না পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। কর্মীদের অবিলম্বে নিরাপত্তা, খাদ্য ও আবাসন নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
প্রতিমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে অনির্বাণ সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস বা দায়িত্বপ্রাপ্ত মিশনের মাধ্যমে কর্মীদের অবস্থা যাচাই, জরুরি খাদ্য ও আবাসন সহায়তা এবং প্রতিশ্রুত চাকরির ব্যবস্থা করার দাবি জানিয়েছে।
কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব না হলে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি প্রত্যেকের ব্যয় করা ছয় লাখ টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দায়ীদের কাছ থেকে আদায়েরও দাবি জানানো হয়েছে।
এ ছাড়া টি কে এন্টারপ্রাইজ, শাইনিং ওভারসিজ এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
প্রবাসীর কথা ডেস্ক 


















