দীর্ঘ অনিশ্চয়তা ও বন্দিজীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন লিবিয়ায় আটক ১৭৪ বাংলাদেশি। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে তারা ওই বন্দিশিবিরে আটক ছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের
ফেরত আসাদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে। বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।
এ সময় তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন গড়ার পাশাপাশি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশযাত্রা না করার আহ্বান জানান।
এদিকে, দেশে ফেরার অপেক্ষায় থাকা আরও ১৭৫ বাংলাদেশিকে আগামী ২৫ নভেম্বর ত্রিপলী ও মিসরাতা থেকে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।
সব মিলিয়ে লিবিয়া থেকে বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 


















