রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এ লক্ষ্যে জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে আলোচনা করবে দেশটি।
রোববার (২২ নভেম্বর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। এতে বলা হয়েছে, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আইসিজের পর্যবেক্ষণকে সম্মান জানায় কুয়ালালামপুর। রায়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালানো হবে।
আরও পড়ুন: আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা
এর আগে গত বৃহস্পতিবার আইসিজে রায় দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযান চলাকালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ওই সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা প্রাণ হারান। নির্যাতন ও সহিংসতা থেকে বাঁচতে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে দেশটি। একই সঙ্গে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্ভোগ কমাতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত ছিলেন। অন্যদিকে, গত অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন অভিবাসন আটককেন্দ্রে বন্দি ছিলেন ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা।
এদিকে ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির জান্তা সরকারের প্রতিনিধিদের আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ সীমিত রেখেছে জোটটি। সংকট সমাধানে অগ্রগতি হলে মিয়ানমারের পূর্ণাঙ্গ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন আসিয়ান নেতারা।
প্রবাসীর কথা ডেস্ক 


















