ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরকার কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের বিশেষ কোনো উদ্বেগ বা মনোযোগ নেই। তবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ
শেখ হাসিনার দেশে ফেরার সময়সূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিভিন্ন সময়ে নভেম্বরে কিংবা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। এবার ১৬ ডিসেম্বর আসার ঘোষণা দিয়েছেন। তবে তিনি ঠিক কবে ফিরবেন, তা সরকারের জানা নেই। এ নিয়ে সরকার কোনো চাপে নেই।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় তার দেশে ফেরার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভারত সরকারকে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠানো হয়েছে। ভারত জানিয়েছে, তারা আইনগত বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থাকা কর্মকর্তাদের একটি অংশের ভূমিকা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, পুলিশসহ বিভিন্ন বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পৃক্ত থেকে ষড়যন্ত্রে জড়িত রয়েছেন। এসব কর্মকর্তাকে সরকারের নজরদারিতে রাখা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে চার্জশিট ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলে আদালতের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়েও প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, মজুরি নির্ধারণের পরও যারা সড়কে নেমে আন্দোলন করছেন, তাদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই। আন্দোলনের পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে লকডাউন ও শাটডাউনের কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট শক্তি এসব কর্মসূচি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে দেশের মানুষ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে। সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে সরকার কৌশলগতভাবে কাজ করছে। তবে কেউ নাশকতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার সঙ্গে জড়িত হয়ে ক্ষমতাচ্যুত হওয়া শক্তিগুলো অতীতে যেমন রাজনীতিতে ফিরতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কোনো ধরনের প্রাণহানি ছাড়াই গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রবাসীর কথা ডেস্ক 























