প্রবাসে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমান হাজারো বাংলাদেশি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। কিন্তু বিদেশে যাওয়ার আগেই অতিরিক্ত অভিবাসন ব্যয়, ভিসা বাণিজ্য ও দালালচক্রের কারণে ঋণের বোঝায় জড়িয়ে পড়ছেন অনেক কর্মী। ফলে বিদেশে উপার্জন শুরু করেও দীর্ঘদিন পরিবারের হাতে পর্যাপ্ত অর্থ তুলে দিতে পারছেন না তারা। উপার্জনের বড় অংশ চলে যাচ্ছে ঋণের কিস্তি ও সুদ পরিশোধে। অন্যদিকে বিদেশে যাওয়ার জন্য ব্যয় করা বিপুল অর্থের একটি অংশ আবার অবৈধ পথে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট গবেষণা ও জরিপের তথ্য বলছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো শ্রমবাজারে যেতে সরকারি নির্ধারিত ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে কর্মীদের। সৌদি আরবে একজন পুরুষ শ্রমিকের অভিবাসন ব্যয় সরকারিভাবে নির্ধারিত ১ লাখ ৬৫ হাজার টাকা। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে এ ব্যয় ১ লাখ ৭ হাজার ৭৮০ টাকা। কিন্তু বাস্তবে এসব দেশে যেতে কর্মীদের ৪ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে।
আরও পড়ুন: দুবাইয়ে ১০০ আনসার-ভিডিপি সদস্যের চাকরি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জরিপে সৌদি আরবে যেতে একজন কর্মীর গড় ব্যয় পাওয়া গেছে ৪ লাখ ৩৬ হাজার ৩৬৬ টাকা। অর্থাৎ নির্ধারিত খরচের চেয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে কয়েক লাখ টাকা।
ভিসার পেছনে বাড়তি খরচ, ঋণের বোঝা শ্রমিকের কাঁধে বিদেশে যাওয়ার ব্যয় বেড়ে যাওয়ার পেছনে ভিসা বাণিজ্য ও মধ্যস্বত্বভোগীদের কমিশনকে বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গ্রামের দালাল, ঢাকার রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে বিদেশের সাপ্লাই কোম্পানি পর্যন্ত বিভিন্ন স্তরে অর্থ যোগ হওয়ায় ভিসা সংগ্রহের খরচ কয়েক গুণ বেড়ে যাচ্ছে।
বিশেষ করে তথাকথিত ফ্রি ভিসার ক্ষেত্রে ব্যয়ের চাপ আরও বেশি। এ ধরনের ভিসায় বিদেশ যেতে গড়ে ৫ থেকে ৭ লাখ টাকা খরচ করছেন কর্মীরা। অথচ সরকারি হিসাবে গড় অভিবাসন ব্যয় ১ লাখ ১৬ হাজার ২২৪ টাকা। এত টাকা ব্যয় করেও বিদেশে গিয়ে কাজ পাওয়ার নিশ্চয়তা থাকছে না।
অধিকাংশ কর্মীর নিজের সঞ্চয় থেকে এই ব্যয় মেটানোর সামর্থ্য নেই। ফলে ঋণ, জমি বন্ধক কিংবা সম্পত্তি বিক্রি করেই বিদেশযাত্রার অর্থ সংগ্রহ করতে হচ্ছে। ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের (ইউএনসিডিএফ) এক গবেষণায় দেখা গেছে, ৭২ শতাংশ কর্মী ঋণ নিয়ে বিদেশে গেছেন। তাদের মধ্যে ১১ শতাংশ জমি বন্ধক রেখেছেন এবং ৬ শতাংশ সম্পত্তি বিক্রি করেছেন। অন্যদিকে বিভিন্ন জরিপের তথ্যে প্রায় ৭৬ শতাংশ কর্মীর ধারদেনা করে বিদেশ যাওয়ার চিত্র উঠে এসেছে।
অনেক ক্ষেত্রে মাসে ৫ থেকে ১০ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে। ফলে ৫ লাখ টাকা ঋণ করলে এক বছরেই শুধু সুদ বাবদ দেড় থেকে দুই লাখ টাকা পরিশোধ করতে হয়। বিদেশে যাওয়ার পর আয় শুরু হলেও প্রথমেই সেই অর্থ চলে যাচ্ছে ঋণদাতাদের কাছে।
প্রথম দেড় বছর আয় যায় ঋণ পরিশোধে সৌদি আরবে একজন কর্মী মাসে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ রিয়াল বেতন পেলেও থাকা-খাওয়া, ইকামা, মোবাইলসহ প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর হাতে খুব বেশি অর্থ থাকে না। সেই অর্থের বড় অংশ ঋণের কিস্তি ও সুদ পরিশোধে ব্যয় হওয়ায় দেশে পরিবারের জন্য টাকা পাঠানো কঠিন হয়ে পড়ে।
ইউএনসিডিএফের হিসাব অনুযায়ী, শুধু বিদেশ যাওয়ার পেছনে করা ব্যয় তুলতেই একজন বাংলাদেশি কর্মীর গড়ে ১০ থেকে ১৭ মাস সময় লাগে। পুরুষ কর্মীদের ক্ষেত্রে কোনো কোনো হিসাবে এ সময় ১৭ মাস পর্যন্ত। অর্থাৎ বিদেশে যাওয়ার পর প্রথম দেড় বছর পর্যন্ত তাঁদের উপার্জনের বড় অংশ চলে যায় অভিবাসন ব্যয়ের ঋণ শোধে।
এ অবস্থায় প্রবাসীর পরিবারও দেশে আর্থিক সংকটে পড়ে। বিদেশে পাঠানোর আশায় যে ঋণ নেওয়া হয়েছিল, তা পরিশোধের চাপ সামলাতে গিয়ে পরিবারের অন্যান্য প্রয়োজনও ব্যাহত হয়।
রেকর্ড রেমিট্যান্সের আড়ালে রয়ে যাচ্ছে বড় ঘাটতি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চে দেশে রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। স্বাধীনতার পর একক মাসে এটিই সর্বোচ্চ প্রবাসী আয়। সংশ্লিষ্টদের মতে, ঈদুল ফিতরকে সামনে রেখে অর্থ পাঠানোর প্রবণতা, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা এবং হুন্ডি থেকে বৈধ পথে অর্থ আসার কারণে ওই মাসে রেমিট্যান্স বেড়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসীদের মধ্যে ব্যাংকিং চ্যানেলের প্রতি আস্থা বেড়েছে এবং হুন্ডির ব্যবহার কমেছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে বিপুলসংখ্যক কর্মী বিদেশে যাওয়ার পরও তাদের উপার্জনের তুলনায় প্রত্যাশিত রেমিট্যান্স আসছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইউএনসিডিএফের ২০২২ সালের এক গবেষণায় বলা হয়েছিল, করোনা মহামারির আগেও দেশের মোট প্রবাসী আয়ের প্রায় ৪০ শতাংশ অনানুষ্ঠানিক পথে আসত। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা অর্থের পরিমাণও ছিল উল্লেখযোগ্য। সংশ্লিষ্টদের মতে, আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স বাড়লেও হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেনের প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি।
এর পেছনে বিনিময় হারের পার্থক্য, সহজ লেনদেন এবং দ্রুত অর্থ পৌঁছানোর সুবিধা কাজ করছে। অনেক প্রবাসী ব্যাংকের তুলনায় হুন্ডিতে বেশি টাকা পাওয়ার সুযোগ পান। ফলে ঝুঁকি সম্পর্কে জানার পরও অনেকে এই পদ্ধতি বেছে নিচ্ছেন।
সৌদি আরবপ্রবাসী মিজান বলেন, ‘হুন্ডিতে টাকা পাঠানো নিরাপদ নয়, তা জানি। তারপরও পাঠাতে বাধ্য হই। কারণ হাতের নাগালে সবকিছু।’
দুবাইয়ে থাকা একজন শ্রমিক স্থানীয় এজেন্টের কাছে ডলার জমা দিলে সেই এজেন্ট বাংলাদেশে তার পরিবারের সদস্যকে বিকাশে টাকা পাঠানোর ব্যবস্থা করতে পারেন। এ ক্ষেত্রে বিদেশ থেকে ডলার সরাসরি বাংলাদেশে আসে না। স্থানীয় মুদ্রায় লেনদেন সম্পন্ন হলেও ডলার বিদেশেই থেকে যায় এবং অন্যদিকে দেশ থেকে অর্থ পাচারের কাজে ব্যবহৃত হতে পারে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিংবা ইকামা ছাড়া আয় করছেন, এমন প্রবাসীদের আয়ের একটি অংশও ব্যাংকিং চ্যানেলে আসছে না। কাজ বা আয়ের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের পক্ষে বৈধ পথে অর্থ পাঠানো কঠিন হয়ে পড়ে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের বিনিময় হারে ১ শতাংশ ব্যবধান তৈরি হলে রেমিট্যান্স প্রবাহ ৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। বর্তমানে ব্যাংকিং চ্যানেলের বিনিময় হারের তুলনায় খোলা বাজারে ডলারের দামে প্রায় পাঁচ টাকা পার্থক্য রয়েছে। হুন্ডিতে এই ব্যবধান আরও বেশি হওয়ায় প্রবাসীদের একটি অংশ অনানুষ্ঠানিক পথে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন।
মালদ্বীপে কর্মরত এক লাখের বেশি বাংলাদেশির জন্যও রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে জটিলতা রয়েছে। দেশটি থেকে সরাসরি রুফিয়া ব্যবহার করে বাংলাদেশি টাকায় অর্থ পাঠানোর বৈধ ব্যবস্থা না থাকায় তাদের ডলার সংগ্রহ করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে হচ্ছে বলে প্রবাসীরা জানিয়েছেন। এতে একজন কর্মীর মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।
এই সমস্যা সমাধানে মালদ্বীপের মুদ্রা রুফিয়া ব্যবহার করে সরাসরি রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় বা কারেন্সি সোয়াপ চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
বৈধ পথে রেমিট্যান্স আসার আগেই দেশ থেকে বেরিয়ে যাচ্ছে অর্থ অভিবাসন ব্যয়ের কারণে দেশের অর্থনীতিতে কী ধরনের ক্ষতি হচ্ছে, তা উঠে এসেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) গবেষণায়। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ সালে উপসাগরীয় দেশগুলোতে যাওয়া প্রায় ৯ লাখ ৩৮ হাজার কর্মীর পেছনে প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে গন্তব্য দেশে পৌঁছানোর পর ওয়ার্ক পারমিট সংগ্রহ, নতুন কাজ খোঁজা এবং বাধ্যতামূলক থাকা-খাওয়ার জন্য অতিরিক্ত ১৮ হাজার ৩৬০ কোটি টাকা খরচ হয়েছে।
গবেষণায় দেখা যায়, সৌদি আরব ও কুয়েতে যাওয়ার ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি প্রায় ১ লাখ ১৬ হাজার টাকা হলেও একজন কর্মীকে গড়ে ৪ লাখ ৯৯ হাজার থেকে ৭ লাখ ৩৩ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। বাড়তি ৪ থেকে ৬ লাখ টাকার বড় অংশ দালাল ও বিদেশি মধ্যস্বত্বভোগীদের হাতে যাচ্ছে। এসব লেনদেনের উল্লেখযোগ্য অংশ নগদ অর্থ কিংবা হুন্ডির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ একজন কর্মী বিদেশে গিয়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আগেই তার বিদেশযাত্রার পেছনে ব্যয় করা অর্থের একটি বড় অংশ অবৈধ চ্যানেলে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে।
ওকাপের জরিপে আরও উঠে এসেছে, ৭২ শতাংশ কর্মী ঋণ করে বিদেশে গেছেন। তাদের গড় অভিবাসন ব্যয় পরিবারের বার্ষিক আয়ের তুলনায় ৬৭ শতাংশ বেশি। ফলে বিদেশে গিয়ে প্রথম এক থেকে দুই বছরের উপার্জনের বড় অংশ ঋণ পরিশোধে চলে যায়। সংস্থাটির মতে, উচ্চ সুদের ঋণ শোধের চাপ প্রবাসীদের দেশে টাকা পাঠানোর সক্ষমতা কমিয়ে দিচ্ছে।
ফ্রি ভিসায় গিয়ে কাজ না পাওয়ার ভোগান্তি মধ্যপ্রাচ্যে তথাকথিত ফ্রি ভিসায় যাওয়া কর্মীদের একটি বড় অংশ বিদেশে পৌঁছেও কাজ পাচ্ছেন না। ওকাপের জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৪৩ শতাংশ কর্মী সেখানে যাওয়ার পরপরই কোনো কাজ পাননি।
গবেষণায় দেখা গেছে, ২১ শতাংশ কর্মীকে ইকামা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে গড়ে ১ লাখ ৪৮ হাজার ৮৮০ টাকা দিতে হয়েছে। আরও ৪ শতাংশ কর্মী কাজ খুঁজতে ব্যয় করেছেন গড়ে ৪৪ হাজার টাকা। চাকরি না পেয়ে ৪ শতাংশ কর্মীকে দেশে ফেরার ফ্লাইটের জন্য গড়ে ৪৮ হাজার ৮৮৯ টাকা খরচ করতে হয়েছে। এ ছাড়া প্রথম বেতন পাওয়ার আগ পর্যন্ত থাকা-খাওয়ার জন্য প্রত্যেককে গড়ে ৩০ হাজার টাকা ব্যয় করতে হয়েছে।
বিদেশে পৌঁছানোর পর কাজ ও বৈধ অবস্থান নিশ্চিত করতে এসব বাড়তি খরচ যোগ হওয়ায় কর্মীদের মোট অভিবাসন ব্যয় আরও বেড়ে যাচ্ছে। গবেষণার তথ্য অনুযায়ী, অবস্থানগত জটিলতা সমাধানে অতিরিক্ত অর্থ ব্যয়কারীদের গড় নিয়োগ ব্যয় দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৬৯৫ টাকা। আর বৈধতা নিশ্চিত করতে গিয়ে মোট ব্যয় হয়েছে ৭ লাখ ২২ হাজার ৪৫০ টাকা পর্যন্ত।
ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম এ পরিস্থিতির তিনটি বড় অর্থনৈতিক প্রভাবের কথা উল্লেখ করেছেন। তার মতে, অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে জাতীয় বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সক্ষমতা কমছে এবং অবৈধ পথে অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে।
তিনি বলেন, স্থানীয় ব্যবসা, শিক্ষা কিংবা উন্নয়ন খাতে বিনিয়োগ হতে পারত, এমন অর্থ বিদেশে চলে যাচ্ছে। অন্যদিকে ভুয়া নিয়োগ ফি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের জন্য নেওয়া ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে প্রবাসীরা তাদের উপার্জনের বড় অংশ ব্যয় করছেন। এতে রেমিট্যান্স প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।
ওকাপের একটি উদাহরণে বলা হয়েছে, কোনো কর্মী বিদেশ যেতে ৫ লাখ টাকা ব্যয় করে মাসে ৩০ হাজার টাকা করে দেশে পাঠালে বছরে তার পাঠানো অর্থের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৬০ হাজার টাকা। কিন্তু বিদেশে যাওয়ার সময়ই যদি ৫ লাখ টাকা অবৈধ পথে দেশের বাইরে চলে যায়, তাহলে প্রথম দেড় বছরের রেমিট্যান্স দিয়েও সেই অর্থনৈতিক ক্ষতি পুরোপুরি পূরণ করা সম্ভব হয় না।
কর্মী বাড়লেও প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না রেমিট্যান্স বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে প্রবাসী আয় বাড়ছে না। প্রচলিত ধারণা অনুযায়ী, যে বছর বেশি কর্মী বিদেশে যান, পরবর্তী বছর তাদের পাঠানো রেমিট্যান্সও বাড়ার কথা। কিন্তু পরিসংখ্যানে সব সময় এর প্রতিফলন দেখা যায় না।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বিদেশে যান। পরের বছর ২০২১ সালে দেশে রেমিট্যান্স আসে প্রায় ২২ বিলিয়ন ডলার।
২০২১ সালে নতুন অভিবাসীর সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ হলেও ২০২২ সালে রেমিট্যান্স কমে প্রায় ২১ বিলিয়ন ডলারে নেমে আসে। অথচ নতুন কর্মীর সংখ্যা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাসী আয়ও বাড়ার প্রত্যাশা ছিল।
২০২২ সালে ১১ লাখের বেশি বাংলাদেশি বিদেশে পাড়ি জমান। কিন্তু ওই বছরের সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছিল প্রায় ১৯ বিলিয়ন ডলার। তখনকার হিসাবে বছর শেষে প্রবাসী আয় ২১ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে থাকার ধারণা করা হয়েছিল।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. জালাল উদ্দিন সিকদারের মতে, বাংলাদেশে রেমিট্যান্সের পরিমাণ আপাতদৃষ্টিতে সন্তোষজনক হলেও বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা বিবেচনায় নিলে এই আয় অনেক কম।
তিনি বলেন, ২০২০ সালে প্রায় ১ লাখ ৬২ হাজার বাংলাদেশি সৌদি আরবে যান। তারা পরের বছর প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। করোনা মহামারির কারণে ওই সময়ে প্রবাসীরা পরিবারের কাছে তুলনামূলক বেশি অর্থ পাঠিয়েছিলেন বলে ধারণা করা হয়। অন্যদিকে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৫৭ হাজার নতুন কর্মী সৌদি আরবে গেলেও ২০২২ সালে তাদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। অর্থাৎ কর্মী যাওয়ার সংখ্যা বাড়লেও বৈধ পথে রেমিট্যান্স প্রত্যাশিত হারে বাড়েনি।
ড. জালাল উদ্দিন সিকদার বলেন, গবেষণায় রেমিট্যান্স কম আসার আটটি কারণ পাওয়া গেছে। কাজের অভাবের পাশাপাশি হুন্ডি এবং অভিবাসন ব্যয়ের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে।
তার ব্যাখ্যা, নির্ধারিত ব্যয়ের তুলনায় চার-পাঁচ গুণ বেশি টাকা খরচ করে বিদেশে যেতে হওয়ায় কর্মীদের ওপর দ্রুত অর্থ উপার্জন ও ঋণ পরিশোধের চাপ তৈরি হয়। চড়া সুদে ঋণ নিয়ে বিদেশে যাওয়া কর্মীরা কাজ শুরু করার পরপরই দেশে টাকা পাঠাতে চান। হুন্ডিতে বিনিময় হার তুলনামূলক বেশি পাওয়া এবং হাতের কাছেই সেবা মেলায় তারা এ পদ্ধতির দিকে ঝুঁকছেন। অন্যদিকে বৈধ পথে টাকা পাঠাতে অনেক ক্ষেত্রে কর্মস্থল থেকে দূরে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যেতে হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের সমন্বয়ক ড. সেলিম রেজা বলেন, উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বাংলাদেশিদের বড় অংশ স্বল্প দক্ষতার কাজে নিয়োজিত। এসব ক্ষেত্রে তদারকি দুর্বল হওয়ায় তারা বেশি শোষণের শিকার হন। দ্রুত টাকা পাঠানোর প্রয়োজন থেকেও অনেকে হুন্ডির ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
তার মতে, ব্যাংকিং চ্যানেলের তুলনায় হুন্ডিতে বেশি বিনিময় হার পাওয়া গেলে প্রবাসীরা সেদিকে আকৃষ্ট হন। এতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে আনুষ্ঠানিক রেমিট্যান্সের সম্ভাব্য সুফল পুরোপুরি পাওয়া যায় না।
বিশেষজ্ঞদের ধারণা, হুন্ডি নিয়ন্ত্রণ করা গেলে দেশে রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তাদের মতে, বছরে ২৫ বিলিয়ন ডলারের কাছাকাছি প্রবাসী আয়ের পরিবর্তে তা ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের এক গবেষণায় বিদেশে কর্মী যাওয়ার হারের সঙ্গে তুলনা করে বছরে অন্তত ৪০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসার সম্ভাবনার কথা বলা হয়েছে।
বৈধ পথে অর্থ পাঠানো সহজ করার পরামর্শ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. ফাহমিদা খাতুন মনে করেন, আনুষ্ঠানিক চ্যানেলে প্রত্যাশার তুলনায় কম রেমিট্যান্স আসার পেছনে একাধিক কারণ রয়েছে।
তিনি বলেন, ব্যাংক বা বৈধ সেবার মাধ্যমে অর্থ পাঠাতে খরচ, সময় ও কাগজপত্রের প্রক্রিয়া অনেক প্রবাসীর কাছে জটিল মনে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে বৈধ চ্যানেলের বিনিময় হার অনানুষ্ঠানিক বাজারের তুলনায় কম হওয়ায় বেশি টাকা পাওয়ার আশায় তারা হুন্ডির পথ বেছে নেন। অনানুষ্ঠানিক ব্যবস্থায় দ্রুত ও সহজে অর্থ পাঠানোর সুযোগও রয়েছে।
ড. ফাহমিদা খাতুনের মতে, আনুষ্ঠানিক পথে রেমিট্যান্স বাড়াতে বিনিময় হার প্রতিযোগিতামূলক করতে হবে। একই সঙ্গে লেনদেনের খরচ ও সময় কমানোর পাশাপাশি সহজ ডিজিটাল সেবার পরিধি বাড়ানো প্রয়োজন। কারণ হুন্ডিতে পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার হিসাবে যুক্ত হয় না।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের সব সময় বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানানো হচ্ছে। বৈধ চ্যানেলে অর্থ পাঠালে দেশের অর্থনীতি উপকৃত হয়।
অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, প্রবাসী কার্ডধারীদের বৈধ পথে পাঠানো রেমিট্যান্সে ৩ শতাংশ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
প্রবাসীর কথা ডেস্ক 


















