নেত্রকোণায় জাল জন্মনিবন্ধন সনদ দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গাসহ চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে পূর্বধলা উপজেলায় এ ঘটনা ঘটে। আটক দুই রোহিঙ্গা হলেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের বাসিন্দা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০) এবং তার মেয়ে কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯)। এ ছাড়া স্থানীয় দুই বাসিন্দা আব্দুল জলিল ও আজিজুল হককেও আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দুবাই যাওয়ার উদ্দেশ্যে বাবাকে সঙ্গে নিয়ে নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আবেদন করতে যান কাউসার বিবি। এ সময় তার পরিচয় ও জমা দেওয়া কাগজপত্রে অসংগতি ধরা পড়ে। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
আরও পড়ুন: আফগান নারীদের নাম নিষিদ্ধ, নথিতে ‘বিবি’ বা ‘দাদি’ নির্দেশনা
জিজ্ঞাসাবাদে অভিযোগ ওঠে, প্রায় দুই মাস আগে জাল জন্মনিবন্ধন তৈরিতে সহায়তা করেন স্থানীয় আজিজুল হক ও আব্দুল জলিল।
পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 





















