বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা বিবেচনায় আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।
বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ সূচকে এ তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন: এ বছরই উৎক্ষেপণ করা হতে পারে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট
আর্টন ক্যাপিটলের সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থান তুলে ধরা হয়েছে। এতে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫। বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই এবং ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশ করতে পারেন। বাকি ১১৫টি গন্তব্যে যেতে আগাম ভিসা নিতে হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
বিশ্ব সূচকে ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।
কানাডাভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটল ২০১৪ সালে পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতটি গন্তব্যে ভিসা ছাড়া, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে যেতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।
তবে আর্টন ক্যাপিটলের সূচক ও যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের হিসাবপদ্ধতি আলাদা। এ কারণে দুই প্রতিষ্ঠানের তালিকায় একই দেশের পাসপোর্টের অবস্থানেও পার্থক্য দেখা যায়।
প্রবাসীর কথা ডেস্ক 
























