সুইডেনের চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে বাংলাদেশিদের জন্য তৈরি হলো নতুন সুযোগ। পেশাগত যোগাযোগ, চাকরির সন্ধান ও ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্য নিয়ে দেশটির রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ফোরাম ২০২৬’।
রোববার স্টকহোমের ন্যয়া রগসভেডস ফোলকেটস হুসে আয়োজিত এ অনুষ্ঠানে দেড় শতাধিক বাংলাদেশি পেশাজীবী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও উদ্যোক্তা অংশ নেন। সুইডেনভিত্তিক সামাজিক সংগঠন ‘আমরা-আমরা’ এ আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।
আরও পড়ুন: কিউবার উপকূলে পণ্যবাহী জাহাজডুবি
চারটি পর্বে সাজানো আয়োজনে ছিল পেশাগত পরিচিতি ও যোগাযোগ স্থাপন, বিশেষজ্ঞদের আলোচনা, ক্যারিয়ার পরামর্শ এবং চাকরির মেলা।
অনুষ্ঠানে সুইডেনের চাকরির বাজারের বর্তমান পরিস্থিতি, কর্মসংস্থানের সম্ভাবনা এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি চাকরিপ্রার্থীরা বিভিন্ন পেশায় কাজের ধরন, যোগ্যতা ও চ্যালেঞ্জ সম্পর্কে অভিজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পান।
তবে আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল চাকরির মেলা। এতে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া ও এরিকসনসহ সুইডেনে কার্যক্রম পরিচালনাকারী ১০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা নিজেদের নিয়োগপ্রক্রিয়া, চাকরির সুযোগ, কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আগ্রহী বাংলাদেশি চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্তও সংগ্রহ করা হয়।
আয়োজকদের মতে, সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক তৈরি করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে তরুণদের যোগাযোগ বাড়বে এবং কর্মজীবনে প্রবেশের পথ সহজ হবে।
সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশি কমিউনিটির মধ্যে পেশাগত সহযোগিতা ও যোগাযোগ আরও বাড়াতে প্রতিবছর এ ক্যারিয়ার ফোরাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 





















