রাঙামাটির কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা সাইকেল চালিয়ে নেপালের ১২টি দুর্গম পর্বতশৃঙ্গ ও গিরিপথ জয় করেছেন। ১০৪ দিনের দুঃসাহসিক অভিযানে প্রথম বাংলাদেশি এবং প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাইক্লিস্ট হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নেপালের মানাসলু সার্কিটের ৫ হাজার ১০৬ মিটার উচ্চতার লারকে লা পাসে পৌঁছে নিজের নির্ধারিত অভিযান শেষ করেন বীর কুমার। এ সময় সকাল ৯টা ৪৮ মিনিটে শেষ গিরিপথের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করেন তিনি।
আরও পড়ুন: চলতি বছর মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ৩২৩ জন.
গত ১৬ আগস্ট কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতা থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন বীর কুমার। ভারত হয়ে নেপালে পৌঁছে শুরু করেন দুর্গম পাহাড় ও গিরিপথ জয়ের অভিযান। দীর্ঘ এই যাত্রায় প্রচণ্ড গরম, তীব্র শীত, তুষারপাত, প্রতিকূল আবহাওয়া, শারীরিক ক্লান্তি ও আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়েছে তাকে।
অভিযানের অংশ হিসেবে তিনি এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প ও মানাসলু সার্কিট জয় করেন। পাশাপাশি এভারেস্ট অঞ্চলের কংমা লা, চো লা ও রেনজো লা—এই তিনটি উচ্চতম গিরিপথ অতিক্রম করেন।
এ ছাড়া নাংকারশাং পিক, ছুকুং রি পিক, কালাপাথর, গোকিও রি ও পিকে পিকের চূড়ায় আরোহণ করেন তিনি। প্রতিটি গুরুত্বপূর্ণ গন্তব্যে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করেন এই অভিযাত্রী।
বীর কুমারের এই অভিযান শুধু পর্বত জয় বা ব্যক্তিগত রেকর্ড গড়ার জন্য ছিল না। স্বেচ্ছায় রক্তদান এবং জলবায়ু ন্যায়বিচার সম্পর্কে জনসচেতনতা তৈরিও ছিল তার অন্যতম উদ্দেশ্য।
অভিযানে সহযোগিতার জন্য রাঙামাটির সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের প্রতি কৃতজ্ঞতা জানান বীর কুমার। সার্কভুক্ত দেশের ভিসা প্রাপ্তিসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন বলে জানান এই সাইক্লিস্ট।
নির্ধারিত অভিযান শেষ হলেও নতুন পরিকল্পনা রয়েছে তার। শনিবার (২৮ নভেম্বর) মানাসলু বেস ক্যাম্প সামিটের চেষ্টা করার কথা জানিয়েছেন তিনি। দেশে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো অভিযানের অভিজ্ঞতা, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরবেন।
কাপ্তাইয়ের পাহাড়ি জনপদ থেকে সাইকেল চালিয়ে নেপালের দুর্গম পর্বতাঞ্চলে বাংলাদেশের পতাকা তুলে ধরা বীর কুমারের এই অর্জন দেশের তরুণদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।
প্রবাসীর কথা ডেস্ক 





















