‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’ সিনেমার চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে মার্ভেল স্টুডিওস। এতে স্টিভ রজার্স, থর ও এক্স-মেনকে ডক্টর ডুমের বিরুদ্ধে একজোট হতে দেখা গেছে। আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কয়েক সপ্তাহ আগে সোমবার (২৩ নভেম্বর) ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে মার্ভেল।
ট্রেলারের শুরুতে দেখা যায়, স্টিভ রজার্স ও পেগি কার্টার তাদের ছেলেকে তার বাবার পরিচয় অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকার কথা জানানোর বিষয়ে আলোচনা করছেন। এর কিছুক্ষণ পরই এক ঝলক আলোর মাধ্যমে ফ্যান্টাস্টিক ফোর সদস্যদের বাড়ির সামনে হাজির হতে দেখা যায়।
আরও পড়ুন: ‘বলিউড স্টাইলে’ ধরা দিলেন মিম
সিনেমাটিতে রবার্ট ডাউনি জুনিয়র এবার ডক্টর ডুম চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে তাকে বলতে শোনা যায়, ‘তোমরা সবাই চুরি করা জীবন কাটিয়েছ। তোমাদের সেই জীবন ফিরিয়ে দিতে হবে।’
এরপর দৃশ্যপট চলে যায় নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারে। সেখানে থর, অ্যান্থনি ম্যাকির অভিনয়ে নতুন ক্যাপ্টেন আমেরিকা এবং শ্যাং চি কে ডক্টর ডুমের পরিকল্পনা মোকাবিলায় সহযোগী খুঁজতে দেখা যায়।
ট্রেলারে সাইক্লপসের চরিত্রে জেমস মার্সডেনকে ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে লড়াই করতে দেখা গেছে। এ ছাড়া ‘টু মি, মাই এক্স-মেন’ ডায়লকটি ও দিতে দেখা গেছে এই অংশে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এই প্রথম এমন সংলাপ বলতে দেখা যাবে।
অন্য দৃশ্যগুলোতে ওয়াকান্ডার যোদ্ধাদের নমোরকে নিজেদের দলে যুক্ত করার চেষ্টা করতে দেখা যায়। অন্যদিকে, ডক্টর ডুমকে আবারও সেন্টিনেল বাহিনী নিয়ে আসতে দেখা গেছে। ট্রেলারের শেষ দৃশ্যে সমবেত সুপারহিরোদের চারপাশ ঘিরে ফেলে বিশাল সেন্টিনেল বাহিনী।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’- এর পর এটিই প্রথম অ্যাভেঞ্জার্স সিনেমা। গত বছর ফ্যান্টাস্টিক ফোরের পরিচিতিসহ এক ডজনেরও বেশি সিনেমা ও সিরিজের অসমাপ্ত কাহিনির সূত্র ধরে এগিয়েছে নতুন এই সিনেমাটি।
প্রায় তিন মিনিটের ট্রেলারটিতে ফ্লোরেন্স পিউকে ইয়েলেনা এবং সিমু লিউকে শ্যাং-চি চরিত্রে ফিরতে দেখা গেছে। পাশাপাশি লেটিশিয়া রাইটের শুরি চরিত্রটিকেও ওয়াকান্ডার দৃশ্যগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।
মার্ভেলের জন্য পরিচিত সুপারহিরোদের ফিরিয়ে আনার পাশাপাশি নতুন চরিত্র যুক্ত করার ধারাবাহিকতায় চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা এটি। বড়দিনের ছুটির মৌসুমে সিনেমা হলগুলোর ব্যবসায়ও সিনেমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে কয়েকটি দেশের বাজারে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ডিসেম্বরের ছুটির মৌসুমের সবচেয়ে বড় সিনেমা হিসেবে এটিকে বিবেচনা করছেন সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ পরিচালকেরা।
প্রবাসীর কথা ডেস্ক 

























