রোমান্টিক নায়ক হিসেবেই এত দিন পর্দায় দর্শকদের মন জয় করেছেন পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার। ‘দার-ই-নিজাত’ নাটকে আমান গুজ্জার চরিত্রে তার অভিনয় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত নাটকটি শুরু থেকেই দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। তবে এবার ভালোবাসার এক অস্বস্তিকর ও নেতিবাচক চরিত্রে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মুনাওয়ার। আধ্যাত্মিকতা, সন্তান প্রতিপালন ও ভালোবাসার নানা দিক নিয়ে এগিয়ে চলা গল্পে এবার যুক্ত হয়েছে নতুন উত্তেজনা।
আরও পড়ুন: যে অভিযোগে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব
নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার। তাকে দেখা যাচ্ছে আবু বকর এবং তার বাবা আমান গুজ্জারের ভূমিকায়। তবে তরুণ আমানের চরিত্রটিই এখন দর্শকদের সবচেয়ে বেশি নজর কেড়েছে।
গল্পে খুশবখতের তরুণ বয়সের নাম বেলা। ভালোবাসার জন্য অনেক কিছু করতে প্রস্তুত বেলার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন আমান। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলাতে থাকে। বেলার সঙ্গে আমানের বারবার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, দৃষ্টি ও আচরণ দর্শকদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। ফলে চরিত্রটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
অনেক দর্শক আমানের আচরণের সঙ্গে বলিউড অভিনেতা ইমরান হাশমির পর্দার কিছু চরিত্রের তুলনা করছেন। কেউ কেউ শেহরিয়ারকে পাকিস্তানের ইমরান হাশমি বলেও মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন দর্শক লিখেছেন, ‘পাকিস্তানের হৃতিক রোশন থেকে পাকিস্তানের ইমরান হাশমি।’
আরেকজন আমানের আচরণ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। কেউ কেউ তাঁকে ‘হাওয়াস কা পারিন্দা’ বলেও কটাক্ষ করছেন।
তবে নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেও আমান চরিত্রে শেহরিয়ারের অভিনয় যে দর্শকদের নজর কেড়েছে, তা স্পষ্ট। এত দিন নাটকের গল্পে খুশবখতের অতীত নিয়ে দর্শকদের যে কৌতূহল ছিল, আমানের আগমনে তা আরও বেড়েছে।
এখন প্রশ্ন, বেলা ও আমানের সম্পর্ক শেষ পর্যন্ত কোন পরিণতি পাবে? আমানের অতীতের গল্প কীভাবে বদলে দেবে খুশবখতের জীবন? এসব রহস্যের উত্তর জানতে অপেক্ষায় রয়েছেন ‘দার-ই-নিজাত’-এর দর্শকেরা।
প্রবাসীর কথা ডেস্ক 

























