পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলের সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারী অস্ত্রে সজ্জিত বিপুলসংখ্যক হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: টানা তিন দফায় বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা
বিবৃতিতে বলা হয়, হামলার পর নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান চালায়। এতে বেশ কয়েকজন হামলাকারী নিহত হন। পাশাপাশি হামলাকারীদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
পালিয়ে যাওয়া হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে হামলাটি চালানো হয়।
নাইজারের পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলটি মালির সীমান্তবর্তী। এ এলাকায় প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, এ ঘটনার মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পরপর দুটি হামলায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলা করা নাইজারের নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 






















